দেশের সর্বোচ্চ পদাধিকারীর দপ্তরে নতুন মুখ। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তৈমোর হোসেন খান (বিপুল)। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোনো কর্মসম্পর্ক থাকলে তা ত্যাগ করেই তাঁকে এই পদে যোগ দিতে হবে। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—এই নিয়োগ বলবৎ থাকবে। বাকি শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

উল্লেখ্য, আশির দশকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাতা ছিলেন তৈমোর হোসেন খান। সিলেট জেলা ছাত্রদলের তিনবারের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। সিলেট বিভাগে ছাত্রদলের সুবক্তা হিসেবে তাঁর পরিচিতি ছিল।