চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে এক বৃদ্ধকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান (৬২) ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রায় নয় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নানের সঙ্গে তাঁর প্রতিবেশী মোজাম্মেল হকের তর্কাতর্কি হয়। সেই ঘটনার পর থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেদিন সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে আবারও দুজনের মধ্যে সংঘর্ষ বাধে, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত লোকজন তখন দুজনকে শান্ত করে দেন।
এরপর স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে আবদুল মান্নানের ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আবদুল মান্নান জানান, অন্ধকারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছেন।
পরে স্থানীয়রা আবদুল মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মোজাম্মেল হক পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাঁর বক্তব্য পাওয়া যায়নি। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



