চাকরির পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক প্রার্থীকে আটক করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়ার জন্য প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের চেষ্টার দায়ে রিপন হোসেন নামের ওই প্রার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে পিএসসি সচিবালয়ে যোগদানের উদ্দেশ্যে উপস্থিত হন তিনি।

প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর চেহারা মিলিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। যৌথভাবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মুখে রিপন স্বীকার করেন যে, লিখিত বা মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করেছিলেন তিনি।

অপরাধ স্বীকারের পর তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। আটক রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর রোল নম্বর ছিল ২১০১১৮৭। পিএসসি সচিবালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।