রাজধানীর পরিবহন শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘সড়কে শৃঙ্খলা ও সুস্বাস্থ্য’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড। এই উদ্যোগের আওতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ী এলাকায় পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিরাপদ, দায়িত্বশীল এবং সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য যারা এই খাতের সাথে যুক্ত, তাদের শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য সামনে রেখেই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
রোববার আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে মোট ১০৫ জনের বেশি চালক ও শ্রমিক নিবন্ধনের মাধ্যমে সেবা গ্রহণ করেন। এছাড়া ১২০ জনেরও বেশি শ্রমিক সরাসরি চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক দিক-নির্দেশনা লাভ করেন। কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
ফুলবাড়িয়ার কার্যক্রমটি তদারকি করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আহসানুল কামরান তানভীর এবং ট্রাফিক ফুলবাড়িয়া জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান। অন্যদিকে, যাত্রাবাড়ীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার আবু তাহার এবং সহকারী কমিশনার আব্দুল হান্নান খান।
অনুষ্ঠানে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা শাকিল জোয়াদ রহিম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মহাব্যবস্থাপক হাসান হায়দার শুভ, ডা. সাদীদ হোসাইন এবং ডা. রুফাইদাহ তাসনিমসহ প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ তামিম ও স্বাগতম উপস্থিত ছিলেন।




