শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এই উৎসবকে সামনে রেখে পুরান ঢাকার নর্থব্রুক হল রোডে প্রতিমা তৈরির ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। এলাকার মৃৎশিল্পী ও কারিগররা দিনরাত পরিশ্রম করে দেবী দুর্গার প্রতিমা প্রস্তুত করছেন। দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের প্রতিমা নির্মাণে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা।

প্রতিমা তৈরির বিভিন্ন ধাপের কাজ এখন পুরোদমে চলছে। কেউ প্রতিমার প্রাথমিক কাঠামো তৈরির জন্য খড় বাঁধার কাজে নিয়োজিত, আবার কেউ প্রতিমার নিখুঁত রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত। মৃৎশিল্পীরা তাদের শৈল্পিক ছোঁয়ায় প্রতিমাগুলোকে জীবন্ত করে তোলার চেষ্টা করছেন। নর্থব্রুক হল রোডের এই কারুকলা এলাকায় প্রতিমা তৈরির এই ব্যস্ততা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী ও অন্যান্য দেব-দেবীর প্রতিমাগুলো, যা আগামী দিনে বিভিন্ন মণ্ডপে স্থান করে নেবে।