মানুষের তৈরি কোনো মহাকাশযানের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল নাসার ভয়েজার ১। প্রায় পাঁচ দশকের দীর্ঘ যাত্রার পর এই রোবটিক যানটি পৃথিবী থেকে এক আলোক-দিবসের দূরত্বে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে বলে নাসা হিসাব করেছে। আলো ২৪ ঘণ্টায় যতটুকু পথ অতিক্রম করে, তাকেই এক আলোক-দিবস বলা হয়।
মহাকাশযানের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ আলোর গতিতে চলাচল করে। ফলে বর্তমানে এই যানে কোনো সংকেত পাঠাতে ২৪ ঘণ্টা সময় লাগছে এবং সেখান থেকে ফিরতি বার্তা পৃথিবীতে পৌঁছাতে আরও ২৪ ঘণ্টা প্রয়োজন হচ্ছে। এই সময়ের ব্যবধানের কারণে মহাকাশযানটি ঠিক কোন মুহূর্তে এই দূরত্ব অতিক্রম করল, তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে নাসাকে।
ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন এই অর্জনকে অত্যন্ত অসাধারণ বলে অভিহিত করেছেন। তার মতে, এমন ঘটনা ইতিহাসে আগে কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সৌরজগৎ এবং তারামণ্ডলের মধ্যবর্তী আন্তঃনাক্ষত্রিক মহাকাশ নিয়ে গবেষণার লক্ষ্যে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ উৎক্ষেপণ করা হয়েছিল। যদিও এর যমজ যান ভয়েজার ২-এর ১৬ দিন পরে এটি যাত্রা শুরু করেছিল, তবে সময়ের সাথে সাথে এটি অন্য যেকোনো মহাকাশযানের তুলনায় অধিক পথ অতিক্রম করেছে। এমনকি ২০১২ সালেই এটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার ২-কে পেছনে ফেলে দিয়েছিল।
দীর্ঘ এই অভিযাত্রায় বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যানটি। বিশেষ করে জেনারেটরে প্লুটোনিয়ামের পরিমাণ কমে যাওয়ায় যানটিকে সচল রাখতে নাসার বিজ্ঞানীরা এর বেশ কিছু ফিচার বা বৈশিষ্ট্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তা সত্ত্বেও ভয়েজার ১-এর ঐতিহাসিক যাত্রা এখনো অব্যাহত রয়েছে।
দীর্ঘ ৪৯ বছর ২ মাস ১১ দিন ভ্রমণের পর বর্তমানে যানটি সপ্তর্ষি মণ্ডলের প্রতিবেশী ‘গ্লিজ ৪৪৫’ নামক একটি তারার দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশের বিশালতার তুলনায় এই দূরত্ব খুব বেশি মনে না হলেও, গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব। বিজ্ঞানীদের মতে, ‘গ্লিজ ৪৪৫’ তারার ১.৭ আলোক-বর্ষ দূরত্বের কাছাকাছি পৌঁছাতে ভয়েজার ১-এর প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে। যার অর্থ, এই লক্ষ্য অর্জনের সময় পৃথিবীতে বর্তমান প্রজন্মের কেউ বেঁচে থাকবেন না।




