নাগরিক দায়িত্ববোধ এবং পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফ্রান্সের সেন্ট-দেনি শহরে এক বিশাল পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বাংলাদেশি প্রবাসীরা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপনের অংশ হিসেবে স্থানীয় সময় রোববার সকালে এই অভিযান পরিচালিত হয়। প্রবাসী সংগঠন ‘সলিডারিটি আজি ফ্রান্স’ (সাফ)-এর উদ্যোগে এবং সেন্ট-দেনি সিটি করপোরেশনের (মেরি দো সেন্ট-দেনি) সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজিত হয়। এই বিশেষ কার্যক্রমে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ২৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই তারা শহরের বিভিন্ন সড়ক ও সংলগ্ন এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশ সুন্দর করার চেষ্টা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

পুরো কর্মসূচিটি পর্যবেক্ষণ করতে এবং স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সেন্ট-দেনির মেয়র বাল্লি বাগায়োকো। এছাড়াও কাউন্সিলর নোরা বেনসালাহ, মারিয়া অ্যাডজান্টে এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় প্রতিনিধি নাহিদুল মুহাম্মদসহ সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘সলিডারিটি আজি ফ্রান্স’-এর সহ-সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদ মোড়ল অংশগ্রহণ করেন।

এই উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করে সংগঠনের সভাপতি এনকে নয়ন বলেন, সুস্থ জীবনযাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কেবল নির্দিষ্ট কোনো দিবসের জন্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং প্রতিদিন নিজেদের চারপাশ পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

মেয়র বাল্লি বাগায়োকো এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজে সিটি করপোরেশনের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। কর্মসূচির সমাপ্তিতে অংশগ্রহণকারী প্রতিটি স্বেচ্ছাসেবীর হাতে সিটি করপোরেশন ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়।