কর্মজীবনে নতুন কোনো পদে যোগ দেওয়ার দিনটি সবার জন্যই বিশেষ। তবে নিউইয়র্কের এক ব্যক্তির জন্য সেই দিনটি হয়ে উঠল হতাশার। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে চাকরি হারিয়ে শুধু হতাশাই নয়, বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি। কারণ হিসেবে প্রতিষ্ঠান জানিয়েছে—'পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা'।

ম্যানহাটনের বাসিন্দা ক্রিস স্মলস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের এই অভিজ্ঞতা বিস্তারিতভাবে লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ নয় মাস বেকার থাকার পর একটি টেম্প এজেন্সির মাধ্যমে তিনি কাজের সুযোগ পান। নতুন এই করপোরেট প্রতিষ্ঠানে বেতনও ছিল আগের চাকরির চেয়ে বেশি। তাই চাকরিটিতে যোগ দেওয়া নিয়ে তার মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস।

ক্রিসের বর্ণনা অনুযায়ী, যোগদানের আগের রাতে তিনি ভালোভাবে গোসল সেরেছিলেন। সকালে উঠে নতুন কেনা পোলো শার্ট পরে অফিসে যান। প্রথম কয়েক ঘণ্টা সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। সুপারভাইজার তাকে অফিসের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান, আরেক সহকর্মী তার প্রশিক্ষণের দায়িত্ব নেন। তবে ঘণ্টা দুয়েকের মাথায় হঠাৎ করেই সব বদলে যায়।

সুপারভাইজার তাকে ডেকে জানান, আগেভাগে মধ্যাহ্নভোজ সেরে নিতে। কিছুটা খটকা লাগলেও তিনি অফিসের বাইরে যাওয়ার প্রস্তুতি নেন। ঠিক তখনই ফোন আসে কর্তৃপক্ষের কাছ থেকে। জানানো হয়, তার চাকরি আর নেই। কেন ছাঁটাই হলো, জানতে চাইলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়—'পরিচ্ছন্নতা ইস্যুতে' তার নিয়োগ বাতিল করা হয়েছে।

ক্রিস জানান, প্রতিষ্ঠান বা সুপারভাইজার—কেউই এই বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস করেননি। অথচ তিনি যথেষ্ট পরিচ্ছন্ন হয়েই অফিসে হাজির হয়েছিলেন। তবে তিনি মনে করেন, তার প্যান্টে কিছু লোম লেগে থাকতে পারে, যা এই ছাঁটাইয়ের কারণ হতে পারে। তিনি আরও বলেন, 'আমি অন্যান্য সম্ভাব্য কারণ নিয়েও ভেবেছি, কিন্তু কোনো কূলকিনারা পাইনি।' এমনকি বন্ধুদের কাছেও জানতে চেয়েছেন তার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসছে কি না—বন্ধুরা 'না' বলেছেন।

রেডিটে ক্রিসের পোস্টটি দ্রুত আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, পরিচ্ছন্নতার অজুহাতটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আড়াল করার কৌশল হতে পারে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ক্রিস নিজেও হয়তো টের পাননি এমন কোনো সমস্যা তার মধ্যে ছিল কি না।