সিলিকন ভ্যালির একটি প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করে নজরদারি এবং হয়রানি চালানোর অভিযোগে এক রুশ নাগরিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মার্কিন বিচার বিভাগ। যদিও সরকারি ঘোষণায় প্রতিষ্ঠানের নাম গোপন রাখা হয়েছে, তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি হলো 'প্যালানটিরের'। ইউক্রেন যুদ্ধে প্যালানটিরের সফটওয়্যার ব্যবহৃত হওয়ার কারণেই ওই রুশ নাগরিককে এই বিশেষ মিশনে নিয়োগ করা হয়েছিল বলে জানা গেছে।
তদন্তকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রুশ সরকার টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ইগর দিউ নামের ওই ব্যক্তিকে নিয়োগ দেয় এবং তাকে যাবতীয় নির্দেশনা প্রদান করে। ২০২৬ সালের জুন মাসে তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে মেক্সিকো সিটিতে যান এবং সেখান থেকে অবৈধভাবে মার্কিন সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাকে রিমোট অ্যাক্সেস সফটওয়্যার, ওয়্যারলেস নেটওয়ার্কিং সরঞ্জামসহ ল্যাপটপ ও ফোন কেনার নির্দেশ দেওয়া হয়। তাকে জানানো হয়েছিল যে, লক্ষ্যবস্তু কোম্পানিটি ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সরবরাহ করছে।
অভিযোগ করা হয়েছে যে, রুশ কর্মকর্তাদের নির্দেশে দিউ প্যালানটিরের পালো অল্টো অফিসের নিকটবর্তী একটি কফি শপে গিয়ে কর্মীদের ল্যাপটপের স্ক্রিনের ছবি তুলেছিলেন। এছাড়া, অফিসের চারপাশের নির্দিষ্ট কিছু এলাকায় তাকে ল্যাপটপ চালু রাখতে বলা হয়েছিল, যাতে দূর থেকে রুশ কর্মকর্তারা কর্মীদের বিভিন্ন ডিভাইসে প্রবেশ করে তথ্য চুরি করতে পারেন। কর্মীদের ব্যক্তিগত জীবন এবং তাদের বাসভবনের ওপর নজরদারি করাও ছিল তার অন্যতম দায়িত্ব। এমনকি গত সেপ্টেম্বরে কোম্পানিটির এক নারী কর্মীকে গাড়ির মাধ্যমে প্রায় ৩০ মাইলের বেশি পথ অনুসরণ করে হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত ৮ অক্টোবর ইগর দিউয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মার্কিন প্রশাসন দুটি রুশ পাসপোর্ট এবং ১৮ হাজার ৩৫ ডলার নগদ অর্থ উদ্ধার করে। পাশাপাশি বিদেশ থেকে আসা কিছু সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়, যার ভেতর থেকে একটি ভুয়া ক্যালিফোর্নিয়ার পরিচয়পত্র এবং জাল করা মার্কিন পাসপোর্ট পাওয়া গেছে।
প্যালানটির আগে থেকেই তার গণনজরদারি প্রযুক্তির জন্য বিতর্কিত। বিভিন্ন দেশের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে তারা পণ্য সরবরাহ করে। উইয়্যার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস (ICE) প্রতিবাদকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে এই প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যবহার করত। অন্যদিকে, ইউক্রেনের লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কিইভ বাহিনীর অবিস্ফোরিত রুশ মাইন অপসারণের কাজেও প্যালানটিরের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ইগর দিউয়ের বিরুদ্ধে বর্তমানে চারটি প্রধান অভিযোগ আনা হয়েছে: বিদেশি সরকারের এজেন্ট হিসেবে ষড়যন্ত্র করা, অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে বিদেশি এজেন্টের কাজ করা, পরিচয়পত্র জালিয়াতি এবং পিছু নিয়ে হয়রানি করা। আগামী ২৪ নভেম্বর তাকে ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।




