নাটোরের লালপুরে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে না ডাকায় ক্ষুব্ধ হয়ে খেলা বন্ধের জন্য বেআইনিভাবে ১৪৪ ধারা জারির মাইকিং করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে সংগঠনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। রোববার বিকেলে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলামের নির্দেশনায় সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম মারুফ আলীর কাছে কারণ দর্শানোর চিঠি পাঠান।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা ছিল। ওই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলী। তবে প্রচলিত রীতি মেনে অনুষ্ঠানে গ্রামের বিশিষ্টজন ও প্রবীণ ব্যক্তিদের অতিথি করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার সকালে মাইক ভাড়া করে তিনি খেলার মাঠে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রচার করান।

মাইকিং শুনে এলাকাবাসী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করে দেন। পরদিন বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানতে পারেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রকৃতপক্ষে ১৪৪ ধারা জারি করা হয়নি। ছাত্রদল নেতা মারুফ আলী কৌশলে নিজ উদ্যোগে মাইকিং করিয়েছেন বলে তারা নিশ্চিত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জেলা ছাত্রদলের নজরে আসে। এরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে ২৪ আগস্টের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে মারুফ আলী জানিয়েছেন, সংগঠনের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়ার আগে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লালপুরের ছাত্রদল নেতার এই কার্যকলাপের ফলে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবারের মধ্যে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে এ বিষয়ে জবাব দিতে হবে বলে জানানো হয়েছে।