নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অভিনব ঘটনা ঘটেছে। নিজের নাতিকে কেউ যেন টাকা ধার বা বাকি না দেয়, সেজন্য এলাকাজুড়ে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করেছেন এক দাদা। এমনকি এই ঘোষণার পরও কেউ তার নাতির সঙ্গে লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মাইকিংয়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সঙ্গে জড়িত দাদার নাম মো. করম আলী ব্যাপারী (৭২) এবং তার নাতির নাম মো. মাহাবুব মিয়া (২২)। তারা দুজনেই পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চালকের পাশে বসে আছেন এক বৃদ্ধ। অটোরিকশার ভেতরে বসা আরেক ব্যক্তি হাতে মাইক্রোফোন নিয়ে এলাকাবাসীকে সম্বোধন করে বলছেন, যেন কেউ মাহাবুব মিয়ার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করেন, হাওলাদ টাকা বা ধার না দেন, এমনকি মোবাইল ফোনও তার হাতে না দেন। ঘোষণায় আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ তার সঙ্গে লেনদেন করলে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প বয়সেই মাহাবুব মিয়া একাধিক বিয়ে করেছেন। বাজারের দোকানদার ও বিভিন্ন মানুষের সঙ্গে লেনদেন করে তিনি সেই দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। দোকানদারদের কাছে দাদার কথা বলে টাকা নিতেন বা নিজে ধার করতেন, কিন্তু সেই টাকা শোধ করতে হতো দাদাকে। দীর্ঘদিন ধরে নাতির এই আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন করম আলী ব্যাপারী। তাই ক্ষুব্ধ হয়ে তিনি এই ব্যতিক্রমী পদ্ধতিতে এলাকাবাসীকে সতর্ক করার সিদ্ধান্ত নেন।
করম আলী ব্যাপারী জানান, বহুদিন ধরে নাতি তার ওপর এই অত্যাচার চালিয়ে আসছে। মানুষের কাছ থেকে টাকা চেয়ে আনে, আর সেই টাকা পরিশোধ করতে হয় তাকে। সম্প্রতি নাতি জুয়ায় ৬০ হাজার টাকা হারিয়েছে। এর মধ্যে দাদা ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১০ হাজার টাকা দিতে না পারায় নাতি তাকে অপমান করেছে। তিনি আরও বলেন, বাজারে ছাগল বিক্রি করে সংসার চলে, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না বলেই এমন মাইকিং করতে বাধ্য হয়েছেন।
বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহাবুব বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে তার দাদার ওপর দায় চাপিয়ে দিতেন। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়েই তাকে আর ধার-বাকি না দিতে এলাকাজুড়ে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করেছেন করম আলী ব্যাপারী।




