ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীরা জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক মিলনমেলায় অংশ নেন। শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত এই পুনর্মিলনীর নাম রাখা হয়েছে ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’। জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ আটটি দেশের আড়াই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন।

আয়োজকদের মতে, এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নিজেদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, নতুন যোগাযোগ তৈরি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার এক সুযোগ। অংশগ্রহণকারীরা নিজেদের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনেরও সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীন, শানিয়া মাহিয়া আবেদীন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড লামাগনা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলারও অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন শহর থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালে ‘এআইইউবিয়ান ইন ইউরোপ’ যাত্রা শুরু করে। ইউরোপে বসবাসকারী এআইইউবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন এবং একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এর মূল লক্ষ্য বলে জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার সাবেক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে চায়।