ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরের সিসমা শহরের নিকটবর্তী এক জঙ্গলে সম্প্রতি এক অভাবনীয় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে। কালে লাপ্পিনেন নামক এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে মাটি তল্লাশ করার সময় পাথুরে মাটির নিচে লুকানো বিশাল এক রুপার ভাণ্ডার খুঁজে পান। ৩ সেপ্টেম্বরের এই আবিষ্কারটি ফিনল্যান্ডের ইতিহাসের পাতায় ভাইকিং যুগের সবচেয়ে বড় রুপার গুপ্তধন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লাহাটি হিস্টোরিক্যাল মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদ এসকো তিক্কালা এই খনন প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন। তিনি জানান, সম্পদগুলো দুটি পৃথক বার্চগাছের ছালের পাত্রে ভরে মাটির ১৮ ইঞ্চি গভীরে দুটি পাথরের মাঝে লুকিয়ে রাখা হয়েছিল। পাত্র দুটি একে অপরের থেকে প্রায় ৩৯ ফুট দূরত্বে অবস্থিত ছিল। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে কয়েক হাজার রুপার মুদ্রা এবং গয়না, যার মোট ওজন প্রায় সাড়ে চার কেজি বা ১০ পাউন্ড। মুদ্রার সংখ্যা এত বেশি যে প্রত্নতত্ত্ববিদরা এখনও সবকটি আলাদা করে গণনা করতে পারেননি। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই রুপার মূল্য প্রায় ১০ হাজার ডলারের কাছাকাছি।

বিশেষজ্ঞদের ধারণা, এই সম্পদগুলো ১০০০ থেকে ১০৫০ খ্রিষ্টাব্দের মধ্যকার। মুদ্রার উৎস বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর মধ্যে বর্তমান জার্মানি, সুইডেন এবং গ্রেট ব্রিটেনের মুদ্রার পাশাপাশি ৮০০ থেকে ১০৫০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ের দিরহামও রয়েছে। এছাড়া রুপার ব্রেসলেট এবং 'হ্যাক সিলভার' (ওজনের ভিত্তিতে কেটে ব্যবহৃত রুপার টুকরো) পাওয়া গেছে।

তবে এই সম্পদটি ভাইকিং যুগের হলেও এটি কোনো ভাইকিং জলদস্যুর বলে দাবি করতে নারাজ প্রত্নতত্ত্ববিদরা। এসকো তিক্কালার মতে, তৎকালীন ফিনল্যান্ড রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের অন্তর্ভুক্ত ছিল না। ইতিহাসবিদরা কেবল ওই নির্দিষ্ট সময়কালকে বোঝাতে 'ভাইকিং যুগ' শব্দটি ব্যবহার করেন, তাই এই গুপ্তধনের মালিক কোনো ভাইকিং নাও হতে পারেন।

কেন এই সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ আশেপাশে কোনো কবরের চিহ্ন পাওয়া যায়নি। তবে রোমান আমলের গুপ্তধন সংক্রান্ত গবেষণার কথা উল্লেখ করে ধারণা করা হয়, সে যুগে মানুষ কর ফাঁকি দিতে, ধর্মীয় উৎসর্গ হিসেবে কিংবা যুদ্ধকালীন অনিশ্চয়তার সময়ে সম্পদ রক্ষায় এভাবে মাটির নিচে লুকিয়ে রাখত।

উল্লেখ্য, ১৮৯৫ সালে নৌসিয়ানেন এলাকায় ফিনল্যান্ডের সবচেয়ে বড় গুপ্তধন পাওয়া গিয়েছিল, যেখানে ১ হাজার ৭০০টি মুদ্রা থাকলেও তার ওজন বর্তমান প্রাপ্তির তুলনায় অর্ধেক ছিল। কেবল ফিনল্যান্ড নয়, সম্প্রতি নরওয়েতে ৪ হাজার ৭০০টি কয়েন এবং ডেনমার্কে সাড়ে ১৮ কেজি ওজনের রুপার ভাণ্ডার উদ্ধার হয়েছে।