খাবার খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাস জমা, পেট ফাঁপা কিংবা ঘনঘন ঢেকুর ওঠার মতো সমস্যা দেখা দেয়। অনেকে এই অস্বস্তি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করেন, যদিও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি মোটেও অবহেলার বিষয় নয়। বিশেষ করে আঁশযুক্ত খাবার গ্রহণের পর অনেকেরই এই সমস্যা প্রকট হয়। চিকিৎসকদের মতে, পেটে গ্যাস তৈরি হওয়া স্বাভাবিক হলেও এর আধিক্য কোনো শারীরিক জটিলতার লক্ষণ হতে পারে। শরীরের বিপাক প্রক্রিয়ার ত্রুটি কিংবা অন্ত্রের উপকারী ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার কারণেও গ্যাসের সমস্যা তৈরি হয়।

সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. কামরুল হাসান ব্যাখ্যা করেছেন যে, শরীরের কোষগুলো যখন পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে না, তখন অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে খাদ্যের আঁশ সঠিকভাবে ভাঙতে পারে না এবং অন্ত্রে গ্যাসের সৃষ্টি হয়। যাদের পরিপাকতন্ত্রে আগে থেকেই সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই অস্বস্তি আরও বেশি অনুভূত হতে পারে। তবে তিনি পরামর্শ দিয়েছেন, গ্যাসের ভয়ে সব ধরনের খাবার বর্জন না করে বরং হজমে সহায়ক পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত।

পেটের অস্বস্তি ও গ্যাস কমাতে কার্যকর কিছু খাবারের বিষয়ে পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান আখতারুন নাহার আলো। তার মতে, পাকা পেঁপে হজমশক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর একটি ফল। এতে বিদ্যমান 'প্যাপেইন' নামক এনজাইম প্রোটিন ভেঙে হজম প্রক্রিয়া সহজ করে দেয়। অন্ত্রে অপাচ্য খাবার জমে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া তা ভেঙে গ্যাস তৈরি করে, যা পেঁপের এনজাইম প্রতিরোধ করতে পারে। তাই সকালের নাস্তা বা দুপুরের খাবারের পর পরিমিত পাকা পেঁপে খাওয়া উপকারী।

অন্যদিকে, আদা হজম প্রক্রিয়া সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আদার 'জিনজেরল' ও 'শোগাওল' উপাদান প্রদাহ কমিয়ে দ্রুত গ্যাসের অস্বস্তি দূর করে। ভারী খাবারের পর পেটে ভারি ভাব মনে হলে গরম পানিতে আদা ভিজিয়ে তৈরি পানীয় পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শসার উচ্চ জলীয় উপাদান শরীরকে আর্দ্র রাখে, যা পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের প্রবণতা কমাতে সাহায্য করে।

অন্ত্রের ভারসাম্য বজায় রাখতে দই অত্যন্ত উপকারী, কারণ এতে জীবিত প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া থাকে। তবে মনে রাখতে হবে, সব দইয়ে এই ব্যাকটেরিয়া সমান থাকে না; এটি তৈরির পদ্ধতি ও সংরক্ষণের ওপর নির্ভর করে। পাশাপাশি চিনিবিহীন ভেষজ চা যেমন— পুদিনা, লেমনগ্রাস, ক্যামোমাইল, তুলসি, স্পিয়ারমিন্ট কিংবা গ্রিন টি পান করলে পেটের অস্বস্তি কমে। তবে ভেষজ চা পানের ক্ষেত্রে অ্যালার্জি বা নিয়মিত ওষুধ সেবনের বিষয়টি মাথায় রেখে সতর্ক থাকা প্রয়োজন।