অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চালানো গুলিতে ফাধা ওয়াদহা নামের ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতের এই নৃশংস ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকেও আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় সম্প্রতি ফিলিস্তিনিদের বেশ কিছু বসতবাড়ি অবৈধভাবে দখল করে নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অবৈধ বসতি স্থাপনকারী ওই নারীর বাড়ির বাইরে গুলি চালাতে শুরু করলে স্থানীয় ফিলিস্তিনিরা আত্মরক্ষার জন্য পাল্টা পাথর ছুড়েছিলেন। পরবর্তীতে আরও বসতি স্থাপনকারী সেখানে এসে বাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফাধা ওয়াদহার মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত নারীর ভগ্নিপতি ৬২ বছর বয়সী আহমেদ আরেফ জানান, তিনি তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন। রয়টার্সের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মাটিতে অন্তত পাঁচটি গুলির খোসা দেখতে পান এবং মুখোশ পরিহিত বসতি স্থাপনকারীদের গাড়ি চালিয়ে যেতে দেখেন।

নিহত নারীর পুত্র আরাফাত তাঁর মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁর স্ত্রী নামা ফিদহাত জানান, মানসিক বিপর্যয়ের কারণে আরাফাত ভুলবশত উঠানে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন, যদিও গাড়িতে তখন কেউ ছিল না। এর পরপরই বসতি স্থাপনকারীরা এলোপাতাড়ি গুলি শুরু করে, যাতে আরাফাতসহ বেশ কয়েকজন আহত হন। ফিদহাতের অভিযোগ, আরাফাতকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে এবং ভোরের দিকে তাঁদের পুত্রকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনায় ভিন্ন দাবি করেছে। তাদের মতে, একদল ফিলিস্তিনি প্রথমে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন এবং পরে নেমে ইসরায়েলিদের আক্রমণ করেন, যার প্রতিক্রিয়ায় বসতি স্থাপনকারীরা গুলি চালায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ফাধা ওয়াদহার মৃত্যুর বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি।

জেরিকো শহরটি জর্ডান উপত্যকায় অবস্থিত, যা অসলো শান্তিচুক্তির আওতায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কৃষিকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ছিল। সম্প্রতি এখানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বেনিয়ামিন কাউন্সিলের দাবি, বসতি স্থাপনকারীরা আটটি বাড়ি কিনে নিয়েছেন। তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল নথিপত্র দেখিয়ে দাবি করেছেন যে, জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় তা আইনগতভাবে কেনা সম্ভব নয়। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের হতাহতের ঘটনা নিয়মিত ঘটছে, যা জাতিসংঘ ও অধিকাংশ দেশ অবৈধ হিসেবে গণ্য করে।