ইসরায়েল আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের পরিবেশ রক্ষায় দক্ষ হিসেবে প্রচার করলেও, বাস্তব চিত্র বলছে তারা ফিলিস্তিনের প্রাকৃতিক পরিবেশের চরম ক্ষতি সাধন করেছে। গাজার লেখক রিফাত ইব্রাহিমের একটি নিবন্ধে উঠে এসেছে এই ভয়াবহ বাস্তবতা। চলতি বছরের জলপাই সংগ্রহের মৌসুম শুরুর এক মাসের মধ্যেই পশ্চিম তীরে প্রায় ৪ হাজার ৫০০টি জলপাইগাছ ধ্বংস বা উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ এবং ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার প্রায় ২০ লাখ জলপাইগাছের ৯৭ শতাংশই নিশ্চিহ্ন করা হয়েছে। ১৯৬৭ সালে দখলদারিত্ব শুরুর পর থেকে ২০১০ সাল পর্যন্ত ৮ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে।
লেখক উল্লেখ করেছেন, ১৯৪৮ সালের নাকবার পরবর্তী সময়ে ইসরায়েলের লক্ষ্য ছিল কেবল ভূমি দখল নয়, বরং ফিলিস্তিনের সামগ্রিক বাস্তুতন্ত্র—মাটি, পানি ও উদ্ভিদকুলকে ধ্বংস করা। ১৯ শতকের শেষভাগে যখন জায়নবাদী বসতি স্থাপনকারীরা এখানে আসতে শুরু করেন, তখন ফিলিস্তিন ছিল কৃষিতে সমৃদ্ধ এবং ইউরোপ পর্যন্ত পণ্য রপ্তানি করত। স্থানীয়রা তাদের পরিবেশ অনুযায়ী গম, যব, ওটস এবং বিভিন্ন ফল চাষ করতেন। কিন্তু ইউরোপীয় অভিবাসীরা এই প্রাকৃতিক পরিবেশকে তাদের পরিচিত রূপ দিতে চেয়েছিল। তারা স্থানীয় প্রজাতির গাছ উপড়ে ফেলে স্টোন পাইন ও ইউক্যালিপটাসের মতো বিদেশি গাছ রোপণ করে। ইউক্যালিপটাস গাছে দ্রুত আগুন ধরে যাওয়ায় বর্তমানে দাবানলের ঝুঁকি ও তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। মূলত ফিলিস্তিনিদের অস্তিত্বের চিহ্ন মুছে দিতেই লুট করা গ্রামের ধ্বংসাবশেষের ওপর এই বিদেশি গাছ লাগানো হয়।
প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে পানি ছিল সবচেয়ে বড় অস্ত্র। অধিকৃত এলাকায় ইসরায়েলি জাতীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোত ফিলিস্তিনিদের পানি সরিয়ে অবৈধ বসতিগুলোতে সরবরাহ করে। গ্রীষ্মকালে বসতি স্থাপনকারীদের পানি নিশ্চিত করতে ফিলিস্তিনিদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা কৃষি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। এছাড়া কৃষকদের জমিতে কাজ করা থেকে বিরত রাখতে ইসরায়েলি বাহিনী ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার করেছে, যা মাটির উর্বরতা নষ্ট করে ভূমিক্ষয় বাড়িয়ে দিয়েছে।
গাজা উপত্যকায় এই পরিবেশবিনাশ চরম পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে প্রায় ৭ কোটি টন বিষাক্ত ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। বোমাবর্ষণের ফলে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক ও টাংস্টেনের মতো ভারী ধাতু এবং টিএনটি ও আরডিএক্স-এর মতো বিস্ফোরক রাসায়নিক মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে গেছে। বুলডোজার ব্যবহারের ফলে মাটির উর্বর জৈব স্তর নষ্ট হয়ে গেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব বজায় থাকবে।
উপনিবেশবাদী মানসিকতার কারণে ইসরায়েলের কাছে ভূমি কেবল শোষণের বস্তু, যেখানে যত্নের কোনো স্থান নেই। অন্যদিকে, ফিলিস্তিনিদের সাথে ভূমির সম্পর্ক আত্মিক। লেখক তার দাদার উদাহরণ দিয়ে জানান, চার দশকের প্রচেষ্টায় গড়ে তোলা জলপাইবাগান ইসরায়েলি বাহিনী বারবার ধ্বংস করলেও তারা হাল ছাড়েননি। দাদাকে সেই শোক সহ্য করতে না পেরে মৃত্যু হলেও, পরিবারটি পুনরায় গাছ লাগানোর চেষ্টা চালিয়েছে। বর্তমানে অনেক জমি ইসরায়েলি 'ইয়েলো লাইন'-এর ওপারে চলে যাওয়ায় চাষাবাদ অসম্ভব হয়ে পড়লেও, বাস্তুচ্যুত মানুষগুলো তাঁবুর সামনে ছোট ছোট বাগান করে তাদের ভূমির প্রতি ভালোবাসা ও অধিকারের কথা মনে করিয়ে দিচ্ছে। লেখকের মতে, যারা ধ্বংস ও বিষ ছড়ায় তারা নয়, বরং যারা যত্ন নিয়ে গাছ লাগায়, তারাই এই পবিত্র ভূমির প্রকৃত উত্তরাধিকারী।




