ব্র্যাক ব্যাংক সম্প্রতি পরিবেশবান্ধব গাড়ি কেনার জন্য আকর্ষণীয় ঋণ সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নাগরিকদের ব্যক্তিগত যাতায়াতের চাহিদা বাড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ। ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে ব্যাংকটি গ্রাহককেন্দ্রিক নীতিতে কাজ করে আসছে; এবার সেই ধারাবাহিকতায় হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি (ইভি) কেনাকে উৎসাহিত করতে বিশেষ অফার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইভি বা হাইব্রিড গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ বা সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন মঞ্জুর করা হচ্ছে। সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকদের কথা বিবেচনা করে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে ১২ থেকে ৭২ মাসের সহজ কিস্তিতে গাড়ি কেনার সুযোগ রাখা হয়েছে। এতে করে পরিবেশবান্ধব গাড়ির মালিক হওয়া এখন অনেক সহজ।

নারীদের ক্ষমতায়নে ব্যাংকটির বিশেষায়িত উইং ‘তারা’-এর মাধ্যমে নারী গ্রাহকরা পরিবেশবান্ধব গাড়ি কেনায় অগ্রাধিকার, সহজ শর্ত এবং ক্রেডিট কার্ডে কম সুদের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি, ঋণ প্রক্রিয়াকরণকে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশজুড়ে দুই হাজারের বেশি টাচ পয়েন্ট এবং সুদক্ষ লোন প্রসেসিং টিম কাজ করছে, ফলে যাচাই-বাছাইয়ের সময় অনেক কমে গেছে।

চাকরিজীবীদের জন্য মাসিক আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা হলেই অটো লোনের আবেদন করা যাবে। ‘আস্থা’ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে প্রাথমিক আবেদন করা যায়, এরপর ব্যাংকের প্রতিনিধি ডোরস্টেপ সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। বিভিন্ন গাড়ি ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের কারণে অতিরিক্ত সুবিধাও পাওয়া যাচ্ছে—যেমন, নির্দিষ্ট মডেলের হুন্দাই গাড়ির ক্ষেত্রে শূন্য প্রসেসিং ফি ও বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রিকন্ডিশন্ড ও নতুন হাইব্রিড গাড়ির ঋণ সহজলভ্য করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই ব্যাংকটির দীর্ঘমেয়াদি লক্ষ্য বলে উল্লেখ করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং।