ডিজনি প্লাসের নতুন সিরিজ 'দ্য রিম্যারিড এমপ্রেস'-এ রাজপুত্র হেইনরি চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করছেন দক্ষিণ কোরীয় তারকা লি জং-সুক। পর্দায় তিনি যেমন রাজকীয় ও বিলাসবহুল জীবনযাপন করেন, বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে তিনি পিছিয়ে নেই। দক্ষিণ কোরিয়ার বিনোদন মাধ্যম 'এক্সপোর্টসনিউজ'-এর এক প্রতিবেদন অনুযায়ী, রিয়েল এস্টেট বা আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে লি জং-সুক বর্তমানে প্রায় ৬৩ বিলিয়ন ওন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩০ কোটি টাকার সম্পত্তির মালিক।

অভিনেতার এই সম্পদ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে তাঁর দূরদর্শী বিনিয়োগ। ইউটিউব চ্যানেল 'ওয়ান্ডার প্ল্যানেট'-এর একটি ভিডিওতে তাঁর সম্পত্তির বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের মার্চ মাসে সিউলের হান্নাম-দং এলাকার অভিজাত 'ইউএন ভিলেজ'-এর 'লা তেরাসে হান্নাম' প্রকল্প থেকে একটি বিলাসবহুল বাড়ি কেনেন তিনি। ২৮৪ বর্গমিটারের ওই বাড়িটি কেনার সময় তিনি বিশেষ সুযোগ পান, কারণ নির্মাতা প্রতিষ্ঠান 'ডংইয়াং গ্রুপ' আর্থিক সংকটে থাকায় মূল দামের চেয়ে ৫০ শতাংশ বেশি ছাড়ে বাড়িটি বিক্রি করা হচ্ছিল। সেই সময় প্রায় ৪.৩ বিলিয়ন ওন (প্রায় ৩০ লাখ ডলার) দিয়ে বাড়িটি কিনেছিলেন অভিনেতা। বর্তমানে ওই বাড়ির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ বিলিয়ন ওনে, যা কেনা দামের চেয়ে প্রায় ৪.৭ গুণ বেশি।

এর পাশাপাশি ২০১৯ সালে তিনি একই এলাকার 'নাইন ওয়ান হান্নাম' নামক আরেকটি অভিজাত প্রকল্পের ৩৩৪ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের মালিকানা গ্রহণ করেন। প্রথমে দুই বছর ভাড়া থাকার পর ৭.৩ বিলিয়ন ওন ব্যয়ে তিনি এটি ক্রয় করেন। বর্তমানে এই অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন। শুধুমাত্র হান্নাম-দং এলাকার এই দুটি সম্পত্তির বর্তমান মূল্যই প্রায় ৪৭ বিলিয়ন ওন। অন্যান্য সম্পত্তি মিলিয়ে তাঁর মোট আবাসন সম্পদের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, এই হিসাবটি সম্পত্তির সম্ভাব্য বাজারমূল্যের ওপর ভিত্তি করে করা। এটিকে লি জং-সুকের মোট নিট সম্পদ হিসেবে গণ্য করা যাবে না, কারণ এতে কোনো ঋণ বা দায়দেনার হিসাব ধরা হয়নি এবং প্রকৃত বিক্রয়মূল্য নিশ্চিত নয়। উল্লেখ্য, 'বিগ মাউথ' ও 'হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং'-এর মতো জনপ্রিয় সিরিজের মাধ্যমে খ্যাতি পাওয়া লি জং-সুকের বর্তমান সিরিজে সহশিল্পী হিসেবে রয়েছেন শিন মিন-আ ও জু জি-হুন। পর্দার রাজপুত্রের সাথে বাস্তব জীবনের এই ঐশ্বর্যের মিল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে দর্শকদের মাঝে।