শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকায় ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, দুই বছরের শিশু সাফওয়ান ইসলাম ওই এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে। তাদের চার বছরের একটি মেয়েও রয়েছে।

দুপুরে শিশুটির দাদা-দাদি ও বাবা বাড়িতে ছিলেন না। দুই ছেলেমেয়েকে উঠানে খেলতে দিয়ে রান্নাঘরে কাজ করছিলেন মা রেজওয়ানা। কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে না পেয়ে তিনি বের হন। খুঁজতে খুঁজতে বাড়ির পাশের গোরস্তান পেরিয়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন, পানিতে ভেসে উঠছে সাফওয়ান।

ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, এ সময় রেজওয়ানা চিৎকার দিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় পানির থেকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা পুকুরের পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থেকেই শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।