বিশাল আকৃতির পদ্মপাতার ওপর মানুষ ভেসে থাকার অভিজ্ঞতা সবার জন্য সম্ভব নয়। তবে বিশ্বের বিভিন্ন উদ্ভিদ উদ্যানের কর্মীদের জন্য এটি এখন এক ধরনের বার্ষিক চর্চায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেনভার বোটানিক গার্ডেনস প্রতি বছর এমনই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের চাষ করা ‘ভিক্টোরিয়া’ প্রজাতির বিশাল পদ্মপাতার ভার বহন করার ক্ষমতা যাচাই করেন। নিয়ম অনুযায়ী, পাতার ওপর ভারী জিনিস রেখে কত ওজন সহ্য করতে পারে তা মাপতে হয় এবং প্রমাণস্বরূপ ছবি সোশ্যাল মিডিয়ায় জমা দিতে হয়। সবচেয়ে বেশি ওজন সহ্য করতে পারা পাতাটিই জিতে নেয় মুকুট।

‘ভিক্টোরিয়া’ জাতের পদ্ম তাদের বিশাল আকারের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এই পরিবারের ‘ভিক্টোরিয়া বলিভিয়ানা’ নামের একটি নতুন প্রজাতি ২০২২ সালে শনাক্ত হয়, যদিও তা দীর্ঘ ১৭৭ বছর ধরে ভুলভাবে চেনা হচ্ছিল। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে বড় পদ্ম প্রজাতি হিসেবে স্বীকৃত।

যুক্তরাজ্যের ‘কিউ গার্ডেনস’ ২০২৩ সালের বিজয়ী হিসেবে এবারও ময়দানে নামে। তারা দুই মিটার লম্বা একটি পাতা নির্বাচন করে। প্রথমে খাবারের ক্যান বসিয়ে পাতার সক্ষমতা মাপা হয়। পরে উদ্যানতত্ত্ববিদ মার্টিন সিলনেভস পাতার ওপর বিশেষ প্লাস্টিকের একটি তক্তা রাখেন, যার ওজন ছিল চার কেজি, যাতে ভারসাম্য বজায় থাকে। এরপর একে একে ১০০টি টিনের ক্যান পাতা দেওয়া হয়, যার মোট ওজন প্রায় ৮১ কেজি। এতেও পাতায় পানি ঢোকেনি। পরে সিলনেভস নিজেই পাতার ওপর বসেন এবং পাতাটি স্বাভাবিকভাবে ভেসে থাকে। এ পর্যায়ে মোট ১০২ কেজি ওজন নিয়ে পাতাটি টিকে ছিল। তবে আরেকজন কর্মী যোগ দিলে পাতাটি বাঁকা হয়ে পানি প্রবেশ করতে শুরু করে। সিলনেভস এক বিবৃতিতে জানান, ১০০ কেজির বেশি ওজন সহ্য করতে পারে এমন পাতার ওপর দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। তিনি প্রকৃতির এই ক্ষমতায় বিস্মিত। কাজ শেষে পাতাগুলো জৈব সার তৈরির জন্য পাঠানো হয় বলেও জানান তিনি।

এদিকে আমেরিকার ‘ফিপস কনজারভেটরি’ নামের একটি উদ্যান ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ থিমে অংশ নেয়। তারা পদ্মপাতার ওপর টেবিল-চেয়ার ও অন্যান্য জিনিসপত্র সাজিয়ে মোট ৭৩ কেজি ওজনের ভারসাম্য রেখে বিকেলের চা উপভোগ করেন। অন্যদিকে, গতবারের বিজয়ী ‘বক টাওয়ার গার্ডেনস’ আরও একধাপ এগিয়ে যায়। তারা পাতার ওপর সোজা কাঠের তক্তা বিছিয়ে জিমের ভারী ওজন চাপাতে থাকে। অবাক করার মতো বিষয় হলো, পাতাটি ভেঙে না গিয়ে মোট ১২৯ কেজি ওজন ভাসিয়ে রেখে বিশ্বরেকর্ড গড়ে।

এবারের আসরে বিশ্বের আটটি দেশের প্রায় ৫০টি উদ্ভিদ উদ্যান অংশগ্রহণ করছে। সবাই এখন অপেক্ষায় রয়েছে, কোন দেশের পদ্মপাতা ১২৯ কেজির এই রেকর্ড ভেঙে নতুন চ্যাম্পিয়ন হতে পারবে। এই মাসের শেষের দিকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।