বঙ্গোপসাগরে ভারতের ওডিশা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পানামার পতাকাবাহী 'এমভি ওশান উইনার' নামের এই জাহাজে বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু ছিলেন। ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, জাহাজটিতে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।
জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গত বৃহস্পতিবার বন্দর ছাড়ার পর বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে গিয়ে এটি ডুবে যায়। শনিবার এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জাহাজডুবির সঠিক কারণ এখনও জানা যায়নি।
দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর গতকাল সকাল ১১টা ৪৮ মিনিটে পৌঁছায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রে। শ্রী বিজয়পুরমে অবস্থিত এই কেন্দ্রের কাছে জাহাজ সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়। এরপর কাছাকাছি থাকা 'এমটি আইসোপোস' নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। রাত প্রায় আটটার দিকে ওই জাহাজ থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়।
অন্য ক্রুদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে ভারতীয় কোস্টগার্ডের 'বরদ' এবং 'অনমোল' নামের দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে 'বিজিত' নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে। ভারতীয় কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
এদিকে, জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। রয়টার্সকে তিনি বলেন, জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য তিনি প্রার্থনা করছেন এবং ভালো কিছু আশা করছেন। উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




