বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ২৮ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ আয়োজনে সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে বাংলাদেশের গণমাধ্যম ও সৃজনশীল কর্মকাণ্ডের দীর্ঘ যাত্রাকে গুরুত্ব দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং সাংবাদিক মাইনুল ইসলাম।
অনুষ্ঠানের একটি প্রধান অংশ ছিল বিশেষ সম্মাননা প্রদান। সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চ্যানেল আই-এর উপস্থাপক ও বিশেষ প্রতিনিধি মাইনুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে এই স্বীকৃতি তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং নারী উদ্যোক্তা কনা রেজা। এছাড়া পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ এবং উত্তর আমেরিকায় চ্যানেল আই-এর প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রসারে গণমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁদের মতে, প্রবাসে বসবাসকারী নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ভাষার বন্ধন দৃঢ় করতে এই ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর। একই সঙ্গে এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক সংহতি ও সাংস্কৃতিক বিনিময় আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করা হয়।
সাংস্কৃতিক পর্বে দর্শক শ্রোতারা সংগীতের মূর্ছনায় মেতে ওঠেন। বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এবং সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির দ্বৈত সংগীত পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। স্মৃতিচারণা, শুভেচ্ছা বিনিময় এবং সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী ও শিল্পী।




