জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যায় দুই পক্ষের কর্মীদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি ও গালিগালাজের ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত হয় যখন বিএনপির নেতাকর্মীরা ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়ে তাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঠিক একই সময়ে কাছাকাছি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই দলের কর্মীদের মধ্যে সংঘাত শুরু হয় এবং আওয়ামী লীগের কর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে লাগানো বেশ কিছু ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় প্রায় অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। পুলিশ উভয় পক্ষকে একে অপরের থেকে সরিয়ে দিয়ে মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউ ইয়র্ক পুলিশ ডাইভার্সিটি প্লাজা থেকে বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার মাধ্যমে উত্তেজনা প্রশমন করে।

অন্যদিকে, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন জানিয়েছেন, সোমবার জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন অবতরণ করবেন, তখন শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।