মানবসৃষ্ট যানের মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছানোর কীর্তি গড়তে চলেছে নাসার ভয়েজার ১ মহাকাশযান। প্রায় অর্ধশতাব্দী ধরে মহাশূন্যে ছুটে চলা এই যানটি এখন এক আলোকদিবসের দূরত্ব অতিক্রমের দ্বারপ্রান্তে। আলোর গতিতে ২৪ ঘণ্টায় যে পথ অতিক্রম করা যায়, তাকে এক আলোকদিবস বলা হয়। নাসার হিসাব অনুযায়ী, শুক্রবারের মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরে অবস্থান করবে, যা ওই দূরত্বের সমতুল্য। অন্যদিকে ভিন্ন গতিপথে চলা ভয়েজার ২ এই মাইলফলক স্পর্শ করবে আরও প্রায় ৯ বছর পরে — ২০৩৫ সালের নভেম্বরে।

১৯৭৭ সালে বৃহস্পতি ও শনি গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার উদ্দেশ্যে ভয়েজার ১-এর যাত্রা শুরু হয়েছিল। মাত্র পাঁচ বছর সচল থাকার নকশা করা হলেও যানটি আজও কার্যকর, প্রায় ৫০ বছর পেরিয়ে গেছে। ২০১২ সালে সৌরজগতের সীমানা অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করে এটি। বর্তমানে যানটি যে অবস্থানে রয়েছে, সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ২৩ ঘণ্টা ৪৫ মিনিট।

ভয়েজার ১ এখন উরসা মাইনর নক্ষত্রমণ্ডলের গ্লিস ৪৪৫ নক্ষত্রের দিকে ধাবিত হচ্ছে। তবে সেখানে পৌঁছাতে আরও প্রায় ৪০ হাজার বছর লেগে যাবে বলে বিজ্ঞানীদের ধারণা। এই দীর্ঘ যাত্রাপথে মহাকাশযানটি আরও অনেক তথ্য পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে।