পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রা ও বিভিন্ন কাজকে আরও সুসংগঠিত করতে গুগল ‘সিসি’ নামের একটি নতুন পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। এই এজেন্টিক এআই টুলের মূল লক্ষ্য হলো শেয়ার করা তথ্য, রুটিন এবং ক্যালেন্ডার ব্যবস্থাপনার মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘এনগ্যাজেট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্ল্যাটফর্মটির নিজস্ব একটি গুগল অ্যাকাউন্ট থাকবে, যার মাধ্যমে পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য তাদের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন।

ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে গুগল বিশেষ ব্যবস্থা রেখেছে। প্রতিটি সদস্য নিজেই নির্ধারণ করবেন যে কোন ইমেইলগুলো তিনি এই এজেন্টের সাথে শেয়ার করবেন। নির্দিষ্ট কিছু ইমেইল ঠিকানা সেট করে দিলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘সিসি’ অ্যাকাউন্টে চলে যাবে, অথবা প্রয়োজন অনুযায়ী একক বার্তা ফরোয়ার্ড করার সুযোগ থাকবে। এছাড়া, এই টুলের মাধ্যমে একটি যৌথ ক্যালেন্ডার ও টাস্ক লিস্ট তৈরি করা যাবে, যা পরিবারের সবাই দেখতে পাবেন। প্রতিদিনের গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং করণীয় কাজের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট সকল সদস্যের কাছে পৌঁছে দেবে।

লজিস্টিক বা দাপ্তরিক কাজ যেমন—শপিং লিস্ট তৈরি, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা কিংবা রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মতো কাজগুলোও ‘সিসি’র মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে এটি অবশ্যই ব্যবহারকারীর অনুমতি নেবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে গুগল ড্রাইভের নির্দিষ্ট ফোল্ডার বা ফাইল এই এআই এজেন্টের সাথে শেয়ার করতে পারবেন এবং একটি ডেডিকেটেড গুগল চ্যাট উইন্ডোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

গুগল গত ডিসেম্বরে এই টুলটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করেছিল এবং বছরের শুরুতে এটিকে ‘ডেইলি ব্রিফিং’ ফিচারে রূপান্তর করা হয়। তবে প্রাথমিক ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এখন এটিকে পূর্ণাঙ্গ পরিবারকেন্দ্রিক অর্গানাইজার হিসেবে নতুন রূপ দেওয়া হয়েছে। প্রাইভেসি এবং সুরক্ষার বিষয়ে গুগল তাদের ‘এফএকিউ’তে স্পষ্ট জানিয়েছে যে, সিসি নিজে থেকে পরিবারের কোনো সদস্যকে যুক্ত বা বহিষ্কার করতে পারবে না। একইসাথে, সদস্যদের ব্যক্তিগত ইনবক্সে প্রবেশ বা সেখান থেকে কোনো তথ্য খোঁজার ক্ষেত্রে এই এজেন্টের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

যারা আগে থেকেই এই টুলটি ব্যবহার করছেন, গুগল তাদের প্রম্পটের মাধ্যমে অ্যাকাউন্ট আপগ্রেড করার আমন্ত্রণ জানাবে। অন্যদিকে, নতুন ব্যবহারকারীদের জন্য বর্তমানে একটি অপেক্ষমান তালিকা বা ওয়েটলিস্ট রাখা হয়েছে, যাতে তারা পর্যায়ক্রমে নিজেদের দৈনন্দিন পরিকল্পনা ও ব্যবস্থাপনার কাজ এই এআই এজেন্টের মাধ্যমে আউটসোর্স করতে পারেন।