স্পেনের জনপ্রিয় ফুটবল লিগ লা লিগার সভাপতি হাবিয়ের তেবাস এবং ইউরোপের অন্যতম সফল ক্লাব রেয়াল মাদ্রিদের দীর্ঘদিনের বিরোধ এবার এক চরম পর্যায়ে পৌঁছেছে। রেয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং তাদের নিজস্ব টেলিভিশন চ্যানেলের প্রচার পদ্ধতির সাথে নাৎসি জার্মানির প্রচার কৌশলের তুলনা করায় তেবাসের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে ক্লাবটি।

ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তেবাসের একটি পোস্ট থেকে। সেখানে তিনি অভিযোগ করেন, রেয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট একদল মুখপাত্রকে দিয়ে যেন কোনো অর্কেস্ট্রা পরিচালনা করে এবং রেয়াল মাদ্রিদ টিভি সেই প্রক্রিয়ার নেতৃত্ব দেয়। তাঁর মতে, তারা সবসময় নিজেদের সুবিধামতো বিষয়গুলো সামনে আনে, ক্রমাগত অভিযোগ করে এবং অন্যের প্রতি সন্দেহ তৈরি করে। তেবাস এই পুরো প্রক্রিয়াটিকে নাৎসি জার্মানির কুখ্যাত প্রচারমন্ত্রী জোসেফ গাবেলসের কৌশলের সাথে তুলনা করেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে একই কথা পুনরাবৃত্তি করা এবং তথ্যের চেয়ে নিজেদের বয়ানকে বেশি গুরুত্ব দিয়ে শত্রু তৈরি করার যে প্রবণতা, তা নাৎসি আমলের কথা মনে করিয়ে দেয়। মূলত দুজন সাংবাদিকের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন, যেখানে দাবি করা হয়েছিল যে লা লিগা কর্তৃপক্ষ রেয়ালের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তেবাসের দাবি ছিল, ওই সাংবাদিকরা আসলে রেয়াল মাদ্রিদের নিজস্ব বয়ানকেই জোরালভাবে উপস্থাপন করেছেন।

লা লিগা সভাপতির এই মন্তব্যের জবাবে রেয়াল মাদ্রিদ একটি কঠোর বিবৃতি প্রকাশ করেছে। ক্লাবটি জানিয়েছে, তাদের ব্যবস্থাপনা এবং টেলিভিশন চ্যানেলকে হেয় করতে নাৎসি শাসনের উদাহরণ দেওয়া সম্পূর্ণ অসহনীয় এবং অত্যন্ত গুরুতর একটি বিষয়। বিবৃতিতে বলা হয়, তেবাসের এমন আচরণ একজন প্রাতিষ্ঠানিক প্রধানের জন্য প্রয়োজনীয় নিরপেক্ষতা, সম্মান এবং পক্ষপাতহীনতার অভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এছাড়া তৃতীয় পক্ষের বা সাংবাদিকদের মতামতকে ক্লাবের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিকেও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে তারা।

উল্লেখ্য, রেয়াল মাদ্রিদ ও হাবিয়ের তেবাসের দ্বন্দ্ব নতুন নয়। গত সেপ্টেম্বরেও রেফারিং সংক্রান্ত অভিযোগকে 'ধোঁয়াশা' বলে অভিহিত করায় নতুন সভাপতির দাবি জানিয়েছিল রেয়াল। ৬৪ বছর বয়সী হাবিয়ের তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ পেয়েছেন। স্পেনের শীর্ষ দুই স্তরের ৪২টি পেশাদার ক্লাবের ভোটে এই পদে নির্বাচন করা হয়। মজার বিষয় হলো, বর্তমান মৌসুমে লিগের কার্যনির্বাহী কমিটিতে থাকা ছয়টি ক্লাবের একটি হিসেবে রেয়াল মাদ্রিদের নাম নিশ্চিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই এই পদত্যাগের দাবি সামনে এল।