নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলনেতা ইসলাম শেখ হত্যার বিচার নিশ্চিত করতে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। শনিবার বিকেল ৫টার দিকে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর-তালতলা বাজারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন শালনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসলাম শেখ। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর ১২ সেপ্টেম্বর নিহতের স্ত্রী জাহানারা বেগম স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টিপু সুলতানসহ মোট ৫৮ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
তবে নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার ১৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উল্টো অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে তারা দাবি করেন। ফলে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ কর্মসূচির বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, রঘুনাথপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বায়জিদ বরকতী, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সুরুজ এবং নিহতের স্ত্রী জাহানারা বেগম। মানববন্ধন কর্মসূচির পর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের দাবি জানান।




