দেশের দ্রুততম বোলার নাহিদ রানার জাতীয় দলে ফেরার পথ নিয়ে এবার স্পষ্ট করে কথা বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বর্তমানে মিরপুরে এশিয়ান গেমসগামী দলের সাথে নিয়মিত বোলিং অনুশীলন করলেও, এই গেমসে তিনি অংশ নিচ্ছেন না। একইসাথে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচের স্কোয়াডেও তার নাম নেই। শনিবার প্রকাশিত ওই স্কোয়াডে নাহিদকে রাখা হয়নি।

প্রধান নির্বাচক বিসিবির একটি ভিডিও বার্তায় জানান, আগামী মাসের ১০ তারিখ থেকে নাহিদ রানা খেলার জন্য প্রস্তুত হবেন। ফলে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে তার অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়েছে। তবে তাকে দল নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হয়েছিল। ঝুঁকি এড়াতে এবং ভবিষ্যতের বড় ম্যাচগুলোর কথা মাথায় রেখে তাকে এই সিরিজে রাখা হয়নি। হাবিবুল বাশারের মতে, সামনের সময়গুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে। এই সিরিজগুলোতে নাহিদ রানার সর্বোচ্চ অবদান নিশ্চিত করতেই তাকে এখন পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পারেন।

সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টেস্ট শেষ করে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সেখানে নাহিদকে ফেরানো হবে নাকি তিনি ঘরোয়া জাতীয় লিগ খেলে ফিরে আসবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত পরিকল্পনা করা হয়নি। তবে অক্টেবরের শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টে তাকে দলে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন নির্বাচকরা।

নাহিদ রানার প্রস্তুতির বিষয়ে হাবিবুল বাশার বলেন, তাকে কি ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলে ছন্দ ফিরে পেতে বলা হবে, নাকি প্রথম শ্রেণির ক্রিকেটের মৌসুম শুরু হওয়ায় সেখান থেকে প্রস্তুতি নিতে হবে—যেটি সবচেয়ে কার্যকর হবে, সেটিই করা হবে।

এদিকে, আফগানিস্তান সফরের টেস্ট স্কোয়াডে অস্ট্রেলিয়া সফরের তুলনায় দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ এবং তার পরিবর্তে ফিরেছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ 'এ' দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা হৃদয়ের এই প্রত্যাবর্তন প্রত্যাশিতই ছিল। অন্যদিকে, স্কোয়াড থেকে বাদ পড়েছেন অমিত হাসান, যার জায়গায় ফিরেছেন জাকের আলি।

অমিত হাসানকে সরিয়ে জাকের আলিকে ফেরানোর কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক জানান, অমিতকে ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখা হলেও বর্তমানে অভিজ্ঞতার প্রয়োজন বেশি। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে পরীক্ষিত ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হচ্ছে। জাকের আলি তার হারানো ছন্দ ফিরে পেয়েছেন বলে নির্বাচকরা বিশ্বাস করেন। দক্ষিণ আফ্রিকা সফরে 'এ' দলের হয়ে এবং অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের সঙ্গে থাকার সময় তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল। জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষেও তিনি ভালো খেলেছেন। অমিত হাসানের জন্য ভবিষ্যতে সুযোগ থাকবে বলে আশ্বাসের পাশাপাশি এই মুহূর্তে দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে অভিজ্ঞ জাকেরের ওপরই ভরসা রাখছেন বাংলাদেশ দল।