মিয়ানমারে নাগরিকত্ব এবং সমানাধিকার প্রদান করা হলে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত অধিকাংশ রোহিঙ্গা তরুণ নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক। ব্র্যাকের পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় এই তথ্য সামনে এসেছে। গত বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপে এই গবেষণার ফলাফলগুলো উপস্থাপন করা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে ৭৬.৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মিয়ানমারে প্রত্যাবাসনে আগ্রহী। তবে যখন নাগরিকত্ব ও সমান অধিকারের নিশ্চয়তার কথা বলা হয়, তখন এই আগ্রহের হার বেড়ে দাঁড়ায় ৮২.৬ শতাংশে। বিপরীতে, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ ছাড়া কেবল নাগরিকত্ব দিলে ফেরার ইচ্ছা পোষণ করেন মাত্র ১৯.৪ শতাংশ তরুণ। এছাড়া প্রত্যাবাসনের আগ্রহের সঙ্গে আয়ের একটি যোগসূত্র পাওয়া গেছে; যাদের সামান্য আয় রয়েছে তাদের মধ্যে ৭৯ শতাংশের বেশি দেশে ফিরতে চান, যেখানে আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩.৫ শতাংশ। পাশাপাশি যারা মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবগত থাকেন, তাদের মাঝে ফেরার আগ্রহ বেশি দেখা গেছে।
উল্লেখ্য, যে দিনে এই গবেষণার ফল প্রকাশ করা হয়, ঠিক সেই দিনেই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার স্বীকৃতি দিয়ে রায় প্রদান করে। জাতিসংঘের এই আদালত রোহিঙ্গাদের জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেছে।
রোহিঙ্গা সংকটের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে আরেকটি গবেষণা এই অনুষ্ঠানে উপস্থাপন করেন ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ১,১৫২ জন তরুণের ওপর এই সমীক্ষা চালানো হয়, যার মধ্যে আশ্রয়শিবিরের বাসিন্দা এবং স্থানীয় জনগোষ্ঠীর সদস্য উভয়ই অন্তর্ভুক্ত ছিলেন। গবেষণায় দেখা গেছে, প্রায় ৬৭ শতাংশ স্থানীয় তরুণ মনে করেন রোহিঙ্গা সংকটের কারণে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ৮৫.৮ শতাংশের জন্য কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে, ৬৫.৯ শতাংশের বেতন কমেছে এবং ৩৬.৪ শতাংশ কাজ হারিয়েছেন। ভৌগোলিক হিসেবে টেকনাফের ৭১.৬ শতাংশ এবং উখিয়ার ৬০.১ শতাংশ তরুণ জীবিকার ক্ষতির কথা জানিয়েছেন।
কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় নারীদের করুণ চিত্র ফুটে উঠেছে এই গবেষণায়। দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা শিক্ষায় এগিয়ে থাকলেও (৫৩.৯ শতাংশ নারীর মাধ্যমিক বা উচ্চশিক্ষা সম্পন্ন, যেখানে পুরুষের হার ৪১.৪ শতাংশ) কর্মক্ষেত্রে তারা চরমভাবে পিছিয়ে। মাত্র ২০.৮ শতাংশ তরুণী আয়মূলক কাজে যুক্ত, যেখানে পুরুষদের এই হার ৭০.২ শতাংশ। গড়ে পুরুষরা নারীদের তুলনায় ৪.৩ গুণ বেশি আয় করছেন। সামাজিক প্রথা, পরিবারের বাধা, যাতায়াতের অনিরাপত্তা এবং গৃহস্থালির দায়িত্ব নারীদের কর্মসংস্থানে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া ৭২ শতাংশ স্থানীয় তরুণ মনে করেন রোহিঙ্গাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫৭ শতাংশ মনে করেন রোহিঙ্গাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মাঝেও মাত্র ২৩.৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসনের কথা সমর্থন করেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জোর দিয়ে বলেন, এই সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে। সেখানে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর চাপ বাড়ছে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ মনে করেন, দ্রুত প্রত্যাবাসনের সম্ভাবনা কম থাকায় রোহিঙ্গাদের দক্ষতা ও জীবিকা উন্নয়নকে তাদের সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখা উচিত। ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টিভ ইভো ফ্রেইসেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানও নিরাপদ প্রত্যাবাসন এবং শরণার্থীদের আত্মপরিচয় ও অধিকারের বিষয়ে তাদের মতামত দেওয়ার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।




