দেশের ১৩টি সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২০ কোটি টাকার আবর্তক অনুদান বরাদ্দ করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে গত ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে সিটি করপোরেশনগুলোর জন্য এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগের প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে যুক্ত থাকবে।
বরাদ্দের হিসাব অনুযায়ী, সর্বোচ্চ অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন—৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন পাচ্ছে ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ২ কোটি টাকা, বগুড়া সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ টাকা এবং রাজশাহী সিটি করপোরেশন ১ কোটি ২ লাখ টাকা। বাকি সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি করপোরেশন ৩২ লাখ টাকা পাবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই অর্থ ব্যয়ের সময় প্রচলিত আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। পরবর্তী অর্থ বণ্টনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী জমা দিতে হবে। অর্থ ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকেই দায়ী করা হবে বলে আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে।




