রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ভবনে লিফট ছিঁড়ে পড়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। আবাসনের একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ভবনের বাম পাশের লিফটটি সম্ভবত দ্বিতীয় অথবা চতুর্থ তলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। এই ঘটনায় একই ভবনের পঞ্চম তলার তিনজন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের পরিচয় দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তাঁর ৮ বছর বয়সী ছেলে ওয়াসীর হিসেবে। দুর্ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে। তবে এই ঘটনা সম্পর্কে মিরপুর মডেল থানা পুলিশ কিংবা ফায়ার সার্ভিস থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। মিরপুর মডেল থানার এসআই জাকির জানিয়েছেন, পুলিশ তেমন কোনো অভিযোগ বা তথ্য এই বিষয়ে পাননি।

প্রত্যক্ষদর্শী এবং বাসিন্দা সজল জানান, ফজরের নামাজের পর পঞ্চম তলার ওই তিন ব্যক্তি যখন লিফটে উঠছিলেন, তখনই হঠাৎ এক বিকট শব্দ হয় এবং লিফটটি ছিঁড়ে পড়ে যায়। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতর থেকে আর্তনাদ শুনতে পান। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, ওই ভবনের লিফটটি দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ ছিল। বাসিন্দা সমির চন্দ্র শীলের দাবি, যথাযথ মেরামতের পরিবর্তে কেবল সাময়িক ব্যবস্থা নিয়ে লিফটি চালানো হচ্ছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, প্রকল্পের মোট আটটি ভবনের মধ্যে অধিকাংশেরই লিফটের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ।