নারীজীবনের একটি স্বাভাবিক ও অনিবার্য পর্যায় হলো মেনোপোজ বা রজোনিবৃত্তি, যা সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ঘটে থাকে। কৈশোরে মাসিকের শুরুর মতো মেনোপজও জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে এই সময়ে হরমোনের ব্যাপক পরিবর্তনের ফলে নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যার ফলে অনেকে তীব্র দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ এবং অতিরিক্ত উদ্বেগের সম্মুখীন হন।
মেনোপজের সময় এই মানসিক অস্থিরতার পেছনে বেশ কিছু শারীরিক ও সামাজিক কারণ দায়ী। প্রথমত, শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা দ্রুত হ্রাস পায়, যা মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণকারী উপাদান যেমন সেরোটোনিনকে প্রভাবিত করে এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, শারীরিক অস্বস্তি যেমন 'হট ফ্ল্যাশ' বা হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া এবং রাতে অতিরিক্ত ঘামের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। পর্যাপ্ত ঘুমের অভাব সরাসরি মানসিক চাপ ও দুশ্চিন্তার জন্ম দেয়। এছাড়া, এই বয়সে সন্তানদের দূরে চলে যাওয়া বা ক্যারিয়ারের পরিবর্তনের ফলে একাকীত্ব তৈরি হয়। পাশাপাশি শরীরের গঠন পরিবর্তন, ওজন বৃদ্ধি এবং বার্ধক্যজনিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি করে।
এই সময়ে নিজেকে সুস্থ ও প্রফুল্ল রাখতে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট মেডিটেশন, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম কিংবা যোগব্যায়াম করলে মন শান্ত থাকে। পুষ্টিকর খাবার ও ফলমূলের পাশাপাশি চিনি এবং ক্যাফেইনজাতীয় পানীয় (চা বা কফি) কমিয়ে হালকা হাঁটার অভ্যাস শরীর ও মনকে সতেজ রাখে। এছাড়া নিজের প্রিয় শখের কাজে যুক্ত থাকা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে।
মেনোপজের এই সংবেদনশীল সময়ে পরিবারের সদস্যদের সহানুভূতিশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের উচিত এই সময়ের মেজাজের পরিবর্তনকে অবহেলা না করে ধৈর্যের সঙ্গে কথা শোনা এবং তাকে আশ্বস্ত করা যে এই অনুভূতিগুলো সম্পূর্ণ স্বাভাবিক। শারীরিক ক্লান্তি ও অস্বস্তির দিনগুলোতে ঘরের কাজে সহায়তা করে তাকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দেওয়া প্রয়োজন। খিটখিটে মেজাজের বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নিয়ে হরমোনজনিত পরিবর্তনের ফল হিসেবে বিবেচনা করা উচিত। তবে যদি উদ্বেগ বা শারীরিক লক্ষণগুলো অসহনীয় পর্যায়ে চলে যায়, তবে দ্বিধাবোধ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




