মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির আওতায় মোট ৯টি পদে নিয়োগ দেওয়া হবে, যার সবগুলোই ১৬তম গ্রেডের। সরকারি চাকরির এই সুযোগে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।

যে পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি পদ), ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (৩টি পদ), মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী (১টি পদ), সার্টিফিকেট সহকারী (১টি পদ) এবং ট্রেসার (১টি পদ)। প্রতিটি পদের জন্য বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পদগুলোর জন্য আবেদনকারীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুযায়ী বয়সসীমায় ছাড় প্রযোজ্য হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইট https://dcmeherpur.teletalk.com.bd-তে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন তারা। আবেদনের সাথে ১১২ টাকা ফি জমা দিতে হবে, যার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জও অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

নিয়োগের জন্য কিছু শর্তও নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। বিস্তারিত শর্তাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাবে।