কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকটের মধ্যে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভূরুঙ্গামারী থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন। অবশিষ্ট সার উদ্ধারে তৎপরতা চলছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে সার সরবরাহের জন্য তিলাই ইউনিয়নের ডিলার 'শাহ আমানত ট্রেডার্সের' নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ ছিল। এর মধ্যে চলতি আমন মৌসুমের জন্য ডিলার ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে মজুত করেন। কিন্তু কৃষকরা বেশ কয়েকবার গুদামে গিয়েও সার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আজ সকালে, যখন স্থানীয় কৃষকেরা একজোট হয়ে গুদামের দরজা ভেঙে সার নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, উপজেলায় সারের মোট চাহিদা প্রায় চার হাজার বস্তা। কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ১ হাজার ৩২০ বস্তা। এমনকি ডিলারের সার উত্তোলনও কম ছিল। ফলে সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদামে হানা দেন। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষকেরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে গেলেও ফেরত এসেছে ৩৩ বস্তা। বাকি সার উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার জানিয়েছেন, ওই ডিলারের নামে ৩৪০ বস্তা সার উত্তোলন করা হয়েছিল। কৃষকেরা গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার নিয়ে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এদিকে, কয়েকজন কৃষক অভিযোগ করেছেন, তারা বারবার ডিলারের কাছে গিয়েও সার পাননি। ডিলারের গুদামে সার না থাকলেও খোলাবাজারে সেই সার বেশি দামে বিক্রি হচ্ছে। এই অস্বাভাবিক পরিস্থিতির কারণেই তারা জোটবদ্ধ হয়ে গুদাম থেকে সার নিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে তাদের দাবি।
শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী তাইফুর রহমানের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহায়তায় ইতিমধ্যে অনেকগুলো সারের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলেও জানান।




