মাসে মাত্র ৯৬ ডলার খরচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ভেতরে বসবাস করছেন এক নারী। শিকাগোর ব্যস্ত কর্পোরেট জীবন থেকে বেরিয়ে এসে প্রকৃতির মাঝে নতুন এক অধ্যায় শুরু করেছেন তিনি।

জো ডি লা পাজ নামের এই নারী গত জুন মাসে ইয়েলোস্টোনে সিমস্ট্রেস হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি শিকাগোর একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করতেন। শহুরে জীবনের চাপ ও কৃত্রিমতা তাকে ক্লান্ত করে তুলেছিল, আর সেই কারণেই তিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।

পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কর্মরতদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা রয়েছে। সেই সুযোগেই মাসে মাত্র ৯৬ ডলারে পার্কের ভেতরে থাকার জায়গা পেয়েছেন তিনি। ইয়েলোস্টোনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিন কাটানো এবং সেলাইয়ের কাজে মনোনিবেশ করা — এই দুয়েই এখন তার নিত্যদিনের জীবন।

এই অভিজ্ঞতা সম্পর্কে ডি লা পাজ জানান, এখানে আসার পর তার জীবনটাই বদলে গেছে। প্রকৃতির এত কাছে থেকে বেঁচে থাকা এবং নিজের পছন্দের কাজ করার মধ্যে যে প্রশান্তি, তা তিনি আগে কখনো অনুভব করেননি বলে মন্তব্য করেন তিনি। নিজের জীবনের এই আমূল পরিবর্তনকে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যতেও এখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।