বিশ্বের ৫২টি দেশের মানুষের ওপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, দীর্ঘমেয়াদী মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া অন্য একটি গবেষণায় দেখা গেছে, তীব্র রাগের পরবর্তী দুই ঘণ্টার মধ্যে হার্টের গুরুতর সমস্যা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রিয় দলের খেলা দেখার উত্তেজনা, কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ, পারিবারিক অশান্তি কিংবা প্রিয়জনের আকস্মিক মৃত্যুর মতো মানসিক আঘাতের ফলে অনেকেই বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, যাদের আগে থেকেই হৃদ্‌রোগের ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ধরনের মানসিক উত্তেজনা হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।

প্রচণ্ড রাগ, ভয় বা মানসিক চাপের মুখে শরীর এক ধরনের জরুরি প্রতিক্রিয়া সৃষ্টি করে, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়ায় শরীরে অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, যার ফলে হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বাড়ে এবং হার্টের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। সুস্থ হৃদপিণ্ড এই চাপ সামলে নিতে পারলেও, যাদের রক্তনালিতে আগে থেকেই চর্বি জমে সংকীর্ণ হয়ে আছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের এই বাড়তি চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় তীব্র চাপের ফলে রক্তনালির ভেতরে জমে থাকা চর্বির স্তর ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে, যা রক্তপ্রবাহ বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাকের সৃষ্টি করে। অর্থাৎ, মানসিক চাপ সরাসরি রোগ তৈরি না করলেও বিদ্যমান সমস্যাকে চরম বিপজ্জনক করে তোলে।

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে করা একটি গবেষণায় দেখা গেছে, জাতীয় দলের খেলার দিনগুলোতে হৃদযন্ত্রের জরুরি সমস্যার ঘটনা অনেক বেড়ে গিয়েছিল। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই হার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি ছিল। মূলত যারা আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন, তাদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা গেছে, যার পেছনে খেলার উত্তেজনা ও মানসিক চাপকে দায়ী করা হয়।

যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি এবং যারা ধূমপান করেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া পরিবারে অল্প বয়সে হৃদ্‌রোগের ইতিহাস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। অনেকে করোনারি ধমনীর রোগ থাকা সত্ত্বেও কোনো পূর্বলক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবন যাপন করেন, সেক্ষেত্রে তীব্র মানসিক চাপ হঠাৎ বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘদিনের বিষণ্নতা, উদ্বেগ এবং ঘুমের অভাবও পরোক্ষভাবে এই ঝুঁকি বাড়িয়ে দেয়।

অন্যদিকে, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদের মতো চরম মানসিক আঘাতের ফলে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। এতে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়, তবে রক্তনালিতে কোনো বড় ব্লক থাকে না; বরং হৃদ্‌যন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে হ্রাস পায়। সঠিক চিকিৎসায় অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠলেও এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

হৃদ্‌যন্ত্র সুরক্ষিত রাখতে রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণের অভ্যাস করা জরুরি। উত্তেজিত মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর শ্বাস নিয়ে শান্ত হওয়ার চেষ্টা করা উচিত। নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান বর্জন হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়ক।

যদি রাগ বা মানসিক চাপের পর বুকে চাপ ধরা অস্বস্তি, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব কিংবা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়ে, তবে তা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে 'বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে' বলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া আবশ্যক।