ইসলাম মানবজীবনকে কৃচ্ছ্রসাধনের অন্ধকারে ঠেলে দেয়নি; বরং বৈধ স্বাচ্ছন্দ্য গ্রহণের পূর্ণ অনুমতি দিয়েছে। তবে সেই স্বাধীনতার সঙ্গে সংযম ও ভারসাম্যের পাঠও শিখিয়েছে। মানুষ খাবে, পরবে, ব্যয় করবে এবং আল্লাহর নেয়ামত উপভোগ করবে—কিন্তু কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন বা অপচয় করা যাবে না। মানবজীবনে অপচয়ের সাতটি প্রভাব রয়েছে, যা কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করা যায়।
প্রথম প্রভাব হলো আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় অর্জন মহান আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা। সম্পদ, সম্মান, নেতৃত্ব বা ক্ষমতা যত মূল্যবানই হোক, রবের ভালোবাসার সঙ্গে এর কোনো তুলনা চলে না। সুরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ এই সংক্ষিপ্ত নির্দেশনাতেই অপচয়বিরোধী ইসলামি দর্শনের মূল বক্তব্য নিহিত।
দ্বিতীয় প্রভাব হলো অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে ঘোষণা করা। শয়তান মানুষের মধ্যে আল্লাহর অবাধ্যতা ও অকৃতজ্ঞতার প্রবণতা তৈরি করতে চায়। অপচয় মানুষকে এমন মানসিকতায় নিয়ে যায়, যেখানে সে প্রাপ্ত নেয়ামতের যথাযথ মূল্য না দিয়ে অবহেলায় তা নষ্ট করে। সুরা বনি ইসরাইলের ২৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ।’ অপচয়ের চরিত্রগত বিপজ্জনক দিকটি তুলে ধরার জন্য এটি অত্যন্ত শক্তিশালী ভাষা।
তৃতীয় প্রভাব হলো নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। অপচয়ের ফলে অন্তর থেকে নেয়ামতের প্রকৃত মূল্যবোধ হারিয়ে যায়। প্রতিটি খাদ্য কণার পেছনে অগণিত মানুষের পরিশ্রম আর আল্লাহর অপরিসীম করুণা জড়িয়ে থাকে। এই বোধ যার অন্তরে জাগ্রত থাকে, তার বিবেক কোনো কিছু নষ্ট করতে সায় দেয় না। সুরা ইবরাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে বলেন, ‘তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব আর তোমরা অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর।’ শুধু মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলাই কৃতজ্ঞতা নয়; প্রকৃত কৃতজ্ঞতা নেয়ামতের যথাযথ ব্যবহারে প্রকাশ পায়।
চতুর্থ প্রভাব হলো নেয়ামত পরিবর্তনের আশঙ্কা। মানুষ যখন কোনো অনুগ্রহের যথাযথ মূল্য দেয় না, তখন তা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ইতিহাসে বহু জাতি প্রাচুর্য ও ক্ষমতা পেয়েও তা ধরে রাখতে পারেনি; অকৃতজ্ঞতার ফলে তাদের অবস্থা বদলে গিয়েছিল। সুরা আনফালের ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘এটি এ কারণে যে আল্লাহ কোনো জাতিকে যে নেয়ামত দান করেছেন, তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করা পর্যন্ত তিনি তা পরিবর্তন করেন না।’ অপচয় যখন সমাজে ব্যাপক আকার ধারণ করে, তখন তার ক্ষতি শুধু দু-একটি পরিবারে সীমাবদ্ধ থাকে না। খাদ্য নষ্ট হলে খাদ্যের ওপর চাপ বাড়ে, পানির অপব্যবহারে সংকট দেখা দেয়, বিদ্যুৎ ও জ্বালানির অসংযত ব্যবহারে জাতীয় সম্পদ বিনষ্ট হয় এবং একসময় তা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।
পঞ্চম প্রভাব হলো প্রাচুর্যের মোহে আখিরাতবিমুখ হয়ে পড়া। অপচয়ের অভ্যাস কখনো কখনো এমন এক জীবনদর্শনে পরিণত হয়, যেখানে প্রয়োজনের চেয়ে আকাঙ্ক্ষাই মানুষের চালিকাশক্তি হয়ে ওঠে। ফলে প্রতিনিয়ত নতুন নতুন চাহিদা জন্ম নেয়। একটি প্রাপ্তি আরেকটি প্রাপ্তির ক্ষুধা বাড়ায়। মৃত্যু ছাড়া এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। সুরা তাকাসুরের ১-২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফিল করে রেখেছে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে গেছ।’ জীবনের সব অর্জন যদি ভোগবিলাসের পেছনে ব্যয় হয়, তাহলে আখিরাতের প্রস্তুতি ক্রমেই গুরুত্ব হারাতে থাকে।
ষষ্ঠ প্রভাব হলো পরকালীন জবাবদিহি। মানুষের হাতে থাকা সম্পদ নিয়ে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। উপার্জনের উৎস যেমন প্রশ্নের বিষয়, তেমনি ব্যয়ের খাতও জবাবদিহির আওতাভুক্ত। নবীজি (সা.) বলেন, ‘কিয়ামতের দিন কোনো বান্দার পা নড়বে না, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে—তার মধ্যে একটি হলো তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১৭) এই হাদিস মানুষের অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে পরকালীন দায়বদ্ধতাকে যুক্ত করেছে। কোনো খাতে ব্যয় করা বৈধ হলেই তা সব সময় প্রশংসনীয় হয় না; তাই অপ্রয়োজনীয় সীমা লঙ্ঘনের বিষয়েও মুমিনকে ভাবতে হবে।
সপ্তম প্রভাব হলো অর্থনৈতিক সংকট। অসংযত ব্যয়ের সবচেয়ে দৃশ্যমান পরিণতি হলো আর্থিক দুর্বলতা। অপ্রয়োজনীয় খরচ যদি কারও অভ্যাসে পরিণত হয়, তাহলে সে একসময় অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে। সুরা বনি ইসরাইলের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমার হাত গলায় বেঁধে রেখো না এবং একেবারে পুরোপুরি প্রসারিতও করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে।’ এখানে দুটি চরম অবস্থাকে প্রত্যাখ্যান করা হয়েছে—একদিকে কৃপণতা, অন্যদিকে লাগামহীন ব্যয়। ইসলামের শিক্ষা মাঝামাঝি পথ। প্রয়োজনীয় ক্ষেত্রে উদারতা আর অপ্রয়োজনীয় ক্ষেত্রে সংযম। অপচয় এমন একটি ব্যাধি, যার ক্ষতি তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না। একটি পরিবারের ভবিষ্যৎ, সন্তানের শিক্ষা, অসুস্থ সময়ের প্রস্তুতি কিংবা হঠাৎ সংকট—এসব বিবেচনায় রেখে ব্যয় করা দূরদর্শী মানুষের গুণ। মিতব্যয়িতা দারিদ্র্যের প্রতীক নয়, এটি ভবিষ্যৎ-সচেতনতারই পরিচয়।




