আকিজ বশির গ্রুপের অন্যতম প্রধান দুটি ব্র্যান্ড আকিজ বোর্ড এবং আকিজ ডোরের সমন্বয়ে ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ নামের একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। মালয়েশিয়ায় অবস্থিত গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সে গত বুধবার এই ইভেন্টটি সম্পন্ন হয়। উক্ত সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের প্রতিনিধি, ডিলার এবং ব্যবসায়িক সহযোগিসহ মোট ৮০০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের প্রাকৃতিক পরিবেশ এবং বারজায়া টাইমস স্কয়ার হোটেলের প্রাণবন্ত আবহে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ছিল কৌশলগত আলোচনা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক সংমিশ্রণ, যা অংশগ্রহণকারীদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ডিলারদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন। একইসঙ্গে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং দীর্ঘমেয়াদে অংশীদারিত্বের বন্ধনকে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত অগ্রাধিকারগুলোও তিনি এই মঞ্চ থেকে তুলে ধরেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম এবং জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) শেখ মোহাম্মদ মিজানুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ মির্জা মাসুদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা এবং বক্তব্য অংশগ্রহণকারীদের আকিজ বোর্ড ও আকিজ ডোরের ভবিষ্যৎ অগ্রযাত্রায় আরও সক্রিয়ভাবে অবদান রাখতে উৎসাহিত করে।




