স্পেনের রাজধানী মাদ্রিদে আবাসন সংকট এবং ভাড়াটেদের অধিকার রক্ষায় শনিবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মূলত ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে তার দীর্ঘদিনের আবাসস্থল থেকে উচ্ছেদ করার নির্মম ঘটনার প্রতিবাদে এই গণবিক্ষোভের সূত্রপাত হয়। আন্দোলনকারীরা বিকল্প আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ নিষিদ্ধ করা, ভাড়াটেদের জন্য সুরক্ষা কবজ তৈরি এবং জালিয়াতি বিরোধী কঠোর নিয়ম চালুর দাবি জানিয়েছেন।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মারিয়া ডেল কারমেন আবাসকাল নামের ওই বৃদ্ধা। গত বুধবার মাদ্রিদের অভিজাত এলাকা রেতিরো থেকে তাকে স্ট্রেচারের সাহায্যে বাড়ি থেকে বের করে আনা হয় এবং অ্যাম্বুলেন্সে তোলা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৬ সালে তার বাবা এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং বাবা-মায়ের মৃত্যুর পর তিনি সেখানে বসবাস চালিয়ে যান। সেই সময়ে ভাড়ার ওপর সরকারি সীমাবদ্ধতা ছিল। তবে ২০১৮ সালে বাড়িটির মালিকানা পরিবর্তিত হয়। মাদ্রিড টেন্যান্টস ইউনিয়ন সূত্রে জানা গেছে, আবাসকালকে বাড়িটি কেনার সুযোগ দেওয়া হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি তা কিনতে পারেননি।

পরবর্তীতে 'আরবাজেস্টিয়ন' নামের একটি ইনভেস্টমেন্ট ফান্ড ওই ইউনিটটি কিনে নেয় এবং মাসিক ভাড়া ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ২,৬৫০ ইউরো করে দেয়। পরে ভাড়া কমিয়ে ১,৬৫০ ইউরো করা হলেও তার পেনশনের টাকায় তা পরিশোধ করা সম্ভব ছিল না। আদালত এর আগে তাকে উচ্ছেদের তিনটি প্রচেষ্টা আটকে দিলেও শেষ পর্যন্ত তাকে বাড়ি ছাড়তে হয়। এই ঘটনাটি বর্তমানে স্পেনের সামগ্রিক আবাসন সংকটের এক প্রতীকে পরিণত হয়েছে। বিক্ষোভকারী এবং সাধারণ মানুষের মতে, মুনাফাখোর বিনিয়োগকারী সংস্থাগুলো বাড়ি কিনে নিয়ে সাধারণ মানুষের থাকার জায়গা কেড়ে নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভের শেষ পর্যায়ে অনেক আন্দোলনকারী পুয়ের্তা ডেল সোল প্লাজায় অবস্থান গ্রহণ করেন এবং কেউ কেউ সেখানে তাবু খাটান। তারা পুলিশি বাধা উপেক্ষা করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে থাকার সংকল্প করেন।

ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও স্পেনের অনেক নাগরিক বর্তমান বাজারমূল্যের সাথে তাল মেলাতে পারছেন না। বিশ্লেষকদের মতে, পর্যটনের প্রসার এবং অভিবাসনজনিত জনসংখ্যা বৃদ্ধির ফলে বড় শহরগুলোতে আবাসনের ব্যাপক চাপ তৈরি হয়েছে। ব্যাংক অফ স্পেনের হিসাব অনুযায়ী, গত বছর দেশটিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি ছিল, যার বড় অংশ মাদ্রিদ, বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়া শহরে। এছাড়া, পাবলিক রেন্টাল হাউজিংয়ের ক্ষেত্রে স্পেন ও ইসিডি-র সর্বনিম্ন দেশগুলোর তালিকায় রয়েছে। ইইউ-র গড় পাবলিক হাউজিং ৮ শতাংশ হলেও স্পেনে তা ২ শতাংশেরও কম।

হাসপাতালের বিছানা থেকে এক ভিডিও বার্তায় মারিয়া ডেল কারমেন আবাসকাল বলেন, তিনি হয়তো নিজের বাড়িটি রক্ষা করতে পারেননি, তবে তিনি চেয়েছিলেন তার এই লড়াই অন্য মানুষদের নিজেদের অধিকারের জন্য লড়তে অনুপ্রাণিত করুক।