কাজের ব্যস্ততার মাঝে হঠাৎ ল্যাপটপের চার্জ শেষ হয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া যে কোনো ব্যবহারকারীর জন্য অত্যন্ত বিরক্তিকর অভিজ্ঞতা, বিশেষ করে যখন সাথে চার্জার থাকে না। তবে কেবল কাজের ব্যাঘাত নয়, ব্যাটারির চার্জ একেবারে শূন্যে নামিয়ে আনার অভ্যাসের পেছনে বড় ধরনের ঝুঁকি লুকিয়ে থাকে বলে প্রযুক্তি বিষয়ক সাইট 'এনগ্যাজেট'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইন্টারনেটে ব্যাটারির যত্নে বিভিন্ন তথ্যের কথা বলা হলেও, ডিভাইসের ধরন ও ব্যবহারের ওপর ভিত্তি করে তা ভিন্ন হতে পারে। তবে সাধারণ নিয়ম হলো, ব্যাটারির চার্জ সম্পূর্ণ নিঃশেষ করা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। যদিও মাঝেমধ্যে এমনটি ঘটলে তাৎক্ষণিক বড় কোনো ক্ষতি না হয়, তবে দীর্ঘমেয়াদে এটি ব্যাটারির সক্ষমতা কমিয়ে দেয়।
বর্তমান সময়ের অধিকাংশ ল্যাপটপে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা দ্রুত চার্জ হওয়ার সুবিধার পাশাপাশি রক্ষণাবেক্ষণেও সহজ। তবে আদর্শ পরিস্থিতি বজায় রাখতে হলে চার্জ কখনোই শূন্য শতাংশে নামানো উচিত নয়। প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি (HP)-র মতে, ব্যাটারির আয়ুষ্কাল সর্বোচ্চ করতে চার্জের মাত্রা ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা সবচেয়ে ভালো। অনেকে আবার ৪০ থেকে ৮০ শতাংশের কথা বলেন। এই পরামর্শগুলো সেই পুরনো ভুল ধারণাকে খণ্ডন করে, যেখানে মনে করা হতো পুনরায় চার্জ দেওয়ার আগে ব্যাটারি পুরোপুরি খালি করে নিতে হয়। প্রকৃতপক্ষে, বারবার চার্জ তলানিতে নামিয়ে আনলে ব্যাটারির ভেতরে ক্ষয় তৈরি হয় এবং চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়। বিপরীতে, নির্দিষ্ট একটি নিরাপদ সীমার মধ্যে চার্জ রাখলে ভেতরের লিথিয়াম আয়নগুলো স্থিতিশীল থাকে। উল্লেখ্য, উইন্ডোজের মতো কিছু অপারেটিং সিস্টেম ব্যাটারি শূন্য হওয়ার আগেই সুরক্ষা হিসেবে ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়।
যদি লক্ষ্য করা যায় যে ল্যাপটপের চার্জ স্বাভাবিকের চেয়ে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তবে তার কারণ অনুসন্ধান করা প্রয়োজন। সাধারণত ল্যাপটপের ধরন এবং কী ধরনের কাজ করা হচ্ছে তার ওপর ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে। যেমন, গেমিং ল্যাপটপের চার্জ সাধারণ ল্যাপটপের তুলনায় দ্রুত শেষ হয়। এছাড়া ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকা, পুরনো সফটওয়্যারের ব্যবহার, ডিভাইসের উচ্চ তাপমাত্রা এবং ল্যাপটপের সাথে যুক্ত বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের কারণেও শক্তি দ্রুত ক্ষয় হতে পারে। এই সমস্যা সমাধানে ল্যাপটপের পাওয়ার অপশন বা শক্তি সাশ্রয়ী সেটিংস পরিবর্তন করে দেখা যেতে পারে। পরিশেষে, চার্জার সংযোগ না থাকলে অবশিষ্ট চার্জের দিকে নজর রাখা এবং ঘন ঘন ব্যাটারি সম্পূর্ণ খালি করার অভ্যাস ত্যাগ করাই হলো দীর্ঘস্থায়ী ব্যাটারির মূল চাবিকাঠি।




