কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজা লেগুনার ধাক্কায় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাত্রা করা ননস্টপ পর্যটক এক্সপ্রেসটি গোমদণ্ডী রেলগেট অতিক্রমের সময় রেললাইনের পাশে একটি লেগুনা দাঁড়িয়ে ছিল। সেই লেগুনার সঙ্গেই ট্রেনটির সংঘর্ষ হয়। এর ফলে ট্রেনের একটি বগির দরজার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে নিচে পড়ে যায়।

গোমদণ্ডী স্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানিয়েছেন, দরজার ভেঙে পড়া অংশটি রেলওয়ের হেফাজতে নেওয়া হয়েছে। লেগুনাটিকে জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সময় লেগুনার ভেতরে চালক বা যাত্রী কেউ ছিলেন না বলে জানানো হয়েছে।

পটিয়া স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম ভূঁইয়ার বরাতে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি পটিয়া স্টেশনে পৌঁছায়। সেখানে প্রায় ১৫ মিনিট বিরতি দিয়ে ক্ষতিগ্রস্ত দরজার অংশ মেরামতের কাজ করা হয়। মেরামত শেষে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।