যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় বাংলাদেশিদের দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা এখন ব্রিটিশ অভিবাসনবিরোধী রাজনীতিকদের প্রচারণার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপি সমর্থকদের মধ্যে এই সংঘাত শুরু হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ কট্টর ডানপন্থী ব্রিটিশ রাজনীতিকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নাইজেল ফারাজ তাঁর ফেসবুক পোস্টে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের এই উচ্ছৃঙ্খল আচরণকে সমালোচনা করে বলেন, বিদেশ থেকে আমদানি করা সংস্কৃতি এখন ব্রিটেনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, যারা যুক্তরাজ্যের রাস্তায় সহিংসতা ছড়ায়, তাদের বহিষ্কার করা উচিত। একই সুরে কথা বলেছেন রিফর্ম ইউকের মুখপাত্র জিয়া ইউসুফ। তিনি এই পরিস্থিতির জন্য কনজারভেটিভ এবং লেবার পার্টির নিয়ন্ত্রণহীন অভিবাসননীতিকে দায়ী করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদ এখন ব্রিটিশ রাস্তায় দানা বাঁধছে, যার সমাধান হিসেবে ব্রিটেনের 'রিফর্ম' প্রয়োজন।

অন্যদিকে, রিস্টোর ব্রিটেনের নেতা এবং সংসদ সদস্য রুপার্ট লো এবং কট্টর ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসনও এই ঘটনার ভিডিও শেয়ার করে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি জানিয়েছেন। রবিনসন অত্যন্ত অবমাননাকর ভাষা ব্যবহার করে এই ঘটনাকে 'আধুনিক লন্ডন' হিসেবে ব্যঙ্গ করেছেন এবং দোষীদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া সংসদ সদস্য কেটি ল্যাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যারা এই দেশে আসেন তাদের বিদেশের বিবাদ পেছনে ফেলে আসা উচিত।

ঘটনাস্থলের স্থানীয় সংসদ সদস্য জাস আথওয়াল এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কঠোর তদন্ত এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি রমফোর্ডের এমপি অ্যান্ড্রু রোজিনডেল স্পষ্ট করে দিয়েছেন যে, ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকায় ঘটেনি, বরং এটি চ্যাডওয়েল হিথ এলাকায় সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে দ্য মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা চলাকালীন বাইরে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের উপস্থিতিতে নাহিদ ইসলাম অনুষ্ঠান শেষ করে বেরিয়ে গেলেও, পরবর্তীতে বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাত ৯টা ৫৯ মিনিটে তারা গোলযোগের খবর পায় এবং সেখানে প্রায় ৫০ জনের একটি দল বিক্ষোভ করছিল। এই ঘটনায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে তদন্ত চালাচ্ছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব বা অভিবাসন মর্যাদা নিশ্চিত না করেই পুরো বাংলাদেশি সম্প্রদায়ের ওপর দায় চাপিয়ে বহিষ্কারের দাবি তোলা হচ্ছে বলে মনে করা হচ্ছে।