কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, বাজার ব্যবস্থার শৃঙ্খলা এবং আধুনিক প্রযুক্তির প্রবর্তন—এই সবকিছুর মূলে থাকতে হবে কৃষক। কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা এবং সঠিক মূল্য নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 'কৃষি ইকোসিস্টেম ও ব্লকচেইন' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
জহির উদ্দিন স্বপন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান কৃষি ব্যবসার বিভিন্ন স্তরে নিয়োজিত মধ্যস্বত্বভোগী বা স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে অনেক আলোচনা হলেও, প্রকৃত উৎপাদক কৃষকদের সমস্যাগুলো তেমন গুরুত্ব পায় না। তিনি মনে করিয়ে দেন, প্রযুক্তির জয়যাত্রা চললেও মানুষের খাদ্য গ্রহণের জৈবিক প্রয়োজনীয়তার কারণে কৃষির ওপর নির্ভরতা চিরন্তন। দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনও এই খাতের ওপর নির্ভরশীল, অথচ সমাজে কৃষি পেশাকে প্রায়শই অবহেলার চোখে দেখা হয়। তাই কৃষকের কৌশলগত বা স্ট্র্যাটেজিক মূল্য প্রদান না করলে কোনো আলোচনা বা পরিকল্পনা পূর্ণতা পাবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই তিনি 'কৃষক কার্ড' প্রবর্তন এবং কৃষিঋণ মওকুফের উদ্যোগ নিয়েছেন, যা কৃষকদের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারই প্রমাণ। তাঁর মতে, দেশের জিডিপি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে কৃষিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত খাত।
সেমিনারে উপস্থিত আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের প্রতি তিনি আহ্বান জানান, প্রযুক্তির সকল সুবিধা যেন সরাসরি প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকের উৎপাদন ও বাজারের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায্য মুনাফা প্রদানের কথা বলেন তিনি। বিশেষ করে, কোনো সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে যেন কৃষকরা প্রতারিত না হন, সেই ব্যবস্থা কাঠামোগতভাবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এছাড়া বিশ্বজুড়ে কৃষি খাতে ভর্তুকির বিষয়টি উল্লেখ করে এই খাতের একটি স্থায়ী ও লাভজনক সমাধান খোঁজার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন তিনি।
সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা আনয়ন, সহজ অর্থায়ন এবং বাজার ব্যবস্থাপনাকে গতিশীল করতে আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ের গুরুত্ব আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার।




