সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা এবার এক ভিন্ন পথে হাঁটছে। ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর ক্যামেরাবিহীন স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইনফরমেশনের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবর থেকেই এই নতুন মডেলটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে মেটা। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মেটার বার্ষিক 'কানেক্ট' ডেভেলপার সম্মেলনে 'লুনা' নামের ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে।

'লুনা' বাজারে আসবে দুই ভিন্ন ডিজাইনে — একটি 'ক্লাবমাস্টার' এবং অন্যটি 'বারব্যাংক' নামে। এই মডেলের ফ্রেম বা টেম্পলগুলো আগের তুলনায় অনেক বেশি স্লিম ও নান্দনিক করে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ চশমার মতোই স্বাভাবিক দেখায়। ক্যামেরা না রাখলেও এতে রয়েছে ছয়টি বিল্ট-ইন মাইক্রোফোন। ব্যবহারকারীর কানের দিকে মুখ করা বিশেষ স্পিকার সংযুক্ত থাকায় সহজেই মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট 'মেটা এআই'-এর সঙ্গে কথা বলা যাবে। ডিভাইসটির পাশে একটি নির্দিষ্ট বাটন রাখা হয়েছে, যেটি চাপ দিলেই দ্রুত মেটা এআই সক্রিয় হয়ে যাবে।

মেটার পূর্ববর্তী স্মার্ট চশমাগুলোতে ক্যামেরা সংযুক্ত থাকায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অনেক সমালোচক এই ডিভাইসগুলোকে 'পারভার্ট গ্লাস' বা আপত্তিকর চশমা হিসেবে চিহ্নিত করেছিলেন। গোপনে ভিডিও ধারণ করে নারীদের হয়রানি কিংবা মানুষের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। ফলে এবার ক্যামেরা সম্পূর্ণ বাদ দিয়ে সেই বিতর্ক এড়ানোর চেষ্টা করছে মেটা।

এমনকি আগের মডেলগুলিতে রেকর্ডিংয়ের সময় জ্বলে ওঠা এলইডি লাইটের মতো একটি 'অ্যান্টি-ক্রিপ' সুরক্ষা ফিচার থাকলেও সেটি নিয়ে সমস্যা ছিল। প্রথমদিকে এলইডি লাইট টেম্পার করে ক্যামেরা চালু থাকা অবস্থায়ও লাইটটি বন্ধ রাখা যেত, যা পরবর্তীকালে এক আপডেটের মাধ্যমে সংশোধন করে মেটা। গত আগস্টে আরেকটি আপডেট আনা হয়, যার ফলে রেকর্ডিং শুরুর পর এলইডি লাইট ঢেকে গোপনে অন্যদের ভিডিও করার সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এই নিরাপত্তা সংশোধন আনার পরও মেটার বিভিন্ন স্মার্ট চশমার সুনাম যে ক্ষুণ্ন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। অনেক সম্ভাব্য ক্রেতা ক্যামেরা থাকার কারণেই ডিভাইসটি কেনা থেকে বিরত ছিলেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ঠিক সেই দ্বিধাই কাটিয়ে উঠতে সহায়তা করবে মেটার নতুন 'লুনা' মডেল — যেহেতু এতে কোনো ক্যামেরা নেই, তাই গোপনীয়তা নিয়ে আপত্তি তোলার সুযোগও থাকবে না।