যুক্তরাষ্ট্রের অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট আদালত। বিচারক লিওনি ব্রিঙ্কমার এই রায়ে গুগলকে কোম্পানি হিসেবে ভেঙে দেওয়ার কঠোর পদক্ষেপ থেকে রেহাই দেওয়া হলেও, তাদের একচেটিয়া ব্যবসার ধরন পরিবর্তনের জন্য বেশ কিছু কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে, গুগলকে তাদের অনলাইন নিলাম প্রক্রিয়ার নির্দিষ্ট কিছু নিয়ম শিথিল করতে হবে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি যাতে ভবিষ্যতে পুনরায় বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট করতে না পারে, তা নিশ্চিত করতে একজন অভ্যন্তরীণ পর্যবেক্ষক নিয়োগ করার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বিভিন্ন অঙ্গরাজ্যের যৌথভাবে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছিল যে, গুগল বেআইনিভাবে বাজার দখল করে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। মামলার বাদীপক্ষ গুগলের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার আবেদন জানালেও বিচারক সেই দাবি নাকচ করে দেন। বিচারক ব্রিঙ্কমার পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির বেশ কিছু ক্ষেত্রে গুগলের অবৈধ একচেটিয়া আধিপত্য বিদ্যমান ছিল। আদালতের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত প্রযুক্তির বাজারে নতুন করে প্রতিযোগিতার সুযোগ তৈরি করা এবং গুগলের একচেটিয়া প্রভাব নিয়ন্ত্রণ করা।

আদালতের এই রায়ের প্রেক্ষিতে গুগল জানিয়েছে যে, তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে। গুগলের দাবি, তাদের ব্যবসা ভেঙে দিলে ছোট ব্যবসায়ীদের পক্ষে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ত। অন্যদিকে, মার্কিন বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র এই রায়কে প্রতিযোগিতামূলক বাজার ফিরিয়ে আনার লড়াইয়ে একটি 'বিরাট জয়' হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, রায়টি বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপনে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল ৪২৪ বিলিয়ন ডলার, যা আগামী বছরের মধ্যে ৬০৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ৭৩ শতাংশই আসে বিজ্ঞাপন খাত থেকে। মার্কিন সরকার চেয়েছিল গুগল যেন তাদের বিজ্ঞাপন নিলাম মাধ্যম 'অ্যাডএক্স' বিক্রি করে দেয়, যেখানে ওয়েবসাইট মালিকরা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ২০ শতাংশ ফি প্রদান করেন। তবে বিচারক এই দাবি মেনে নেননি। তার মতে, অ্যাডএক্সের তাৎক্ষণিক নিলামে অন্যান্য কোম্পানির মাধ্যমগুলোকে সুযোগ দিলেই বাজারে প্রকৃত প্রতিযোগিতা ফিরে আসবে।

তবে সরকার পক্ষের কিছু যৌক্তিক দাবি মেনে নিয়েছেন বিচারক। এখন থেকে কোনো ওয়েবসাইট গুগলের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করলেই যে বাধ্যতামূলকভাবে অ্যাডএক্স ব্যবহার করতে হবে, সেই নিয়ম আর চলবে না। এছাড়া প্রকাশকদের গুগলের প্রযুক্তি ব্যবহারে বাধ্য করার যাবতীয় নিয়ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এই শর্তগুলো আগামী ছয় বছর মেনে চলার নির্দেশ দিয়েছে, যদিও বাদীপক্ষ ১৫ বছরের জন্য এই বিধিনিষেধ চেয়েছিলেন। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেও একজন মার্কিন বিচারক ক্রোম ব্রাউজার বিক্রি না করলেও, সার্চ সংক্রান্ত তথ্য প্রতিদ্বন্দ্বীদের সাথে ভাগ করে নিতে এবং একচেটিয়া চুক্তি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন গুগলকে।