আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর রেখে অনন্য সাফল্য অর্জন করেছেন বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী সাহিল ওয়াজির মামুন মুগ্ধ। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের জুন সেশনের অ্যাডভান্সড সাবসিডিয়ারি (এএস) পরীক্ষায় তিনি চার বিষয়ে সর্বোচ্চ গ্রেড ‘এ’ অর্জন করেছেন। বিশেষ করে গণিতে ১০০ শতাংশ পার্সেন্টেজ ইউনিফর্ম মার্ক (পিইউএম) পেয়ে বিশ্বসেরা নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছেন তিনি, যা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিরল কৃতিত্ব হিসেবে গণ্য হচ্ছে।
পরীফল বিবরণী অনুযায়ী, সাহিল ওয়াজির মামুন মুগ্ধ জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত—এই চারটি বিষয়ে অংশগ্রহণ করেছিলেন। প্রতিটি বিষয়েই তিনি ‘এ’ গ্রেড পেয়েছেন। বিস্তারিত নম্বর বিশ্লেষণ করলে দেখা যায়, জীববিজ্ঞানে তার প্রাপ্ত পিইউএম ৯৬ শতাংশ, রসায়নে ৯৭ শতাংশ এবং পদার্থবিজ্ঞানে ৯৭ শতাংশ। তবে গণিতে তিনি পূর্ণ নম্বর অর্থাৎ ১০০ শতাংশ অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
সাহিলের এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ তাকে এই বছরের ‘স্টুডেন্ট অব দ্য ডিকেড’ (Student of the Decade) হিসেবে নির্বাচিত করেছে। এর অর্থ হলো, গত দশ বছরের মধ্যে কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তিনি এই বিশেষ সম্মাননা লাভ করেছেন।
পারিবারিক পটভুমির কথা বললে জানা যায়, মুগ্ধর বাবা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন উর রশীদ পেশায় একজন রেডিওলজিস্ট এবং মা অধ্যাপক সাবিহা ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। মুগ্ধর এই সাফল্য তার ব্যক্তিগত কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।




