ইউরোপীয় নিরাপত্তা এবং সামরিক অঙ্গনে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের আশঙ্কায় এবার বিশেষ সতর্কবার্তা জারি করল ডেনমার্কের গোয়েন্দা সংস্থা। তাদের সাম্প্রতিক এক ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ন্যাটো (NATO) জোটভুক্ত কোনো একটি দেশের ওপর হামলা চালাতে পারে রাশিয়া।
গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তাটি হঠাৎ করে আসেনি। গত কয়েকদিন ধরে ইউরোপের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা এবং আইন প্রণেতাদের মধ্যে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, ডেনমার্কের এই প্রতিবেদনটি সেই আশঙ্কাককেই আরও জোরালো করল। ইউরোপীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের একটি বড় অংশ মনে করছেন যে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার পদক্ষেপ এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই নতুন হুমকির মূল্যায়নটি মূলত ইউরোপের সামগ্রিক নিরাপত্তা খাতের সাম্প্রতিক সতর্ক সংকেতগুলোরই একটি অংশ, যা সদস্য রাষ্ট্রগুলোকে অধিকতর সতর্ক হতে প্ররোচিত করছে।




