বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের জন্মদিন আজ। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতা কাপুরের ছোট মেয়ে কারিনার বড় বোন কারিশমা কাপুরও বলিউডের পরিচিত মুখ। কাপুর পরিবারের এই উত্তরসূরির দাদা রাজ কাপুর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে সুপরিচিত। আরও আগের প্রজন্মে তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় থিয়েটার ও চলচ্চিত্রের অগ্রদূতদের একজন।

২০০০ সালে 'রিফিউজি' সিনেমার মাধ্যমে কারিনার বড় পর্দায় অভিষেক ঘটে। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। তবে 'কাভি খুশি কাভি গাম'-এর 'পু' চরিত্র তাঁকে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে এবং তিনি স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠা পান। আজও বলিউডের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের একজন হিসেবে গণ্য করা হয় তাঁকে। 'জাব উই মেট'-এর গীত চরিত্রটিও সমানভাবে আইকনিক। এরপর 'চামেলি', 'তালাশ' ও 'ওমকারা'র মতো সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন কারিনা।

ব্যক্তিজীবনে কারিনার সঙ্গে সাইফ আলী খানের সম্পর্ক ২০০৭ সালে 'তাশান' সিনেমার শুটিংয়ের সময় শুরু হয়। সাইফ তাঁর চেয়ে ১১ বছরের বড়। সেই সময়ে 'জাব উই মেট' সিনেমার সেটে শহীদ কাপুরের সঙ্গে কারিনার বিচ্ছেদ হয়েছিল। 'তাশান' ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও সেখান থেকেই কারিনা পেয়েছিলেন নিজের জীবনসঙ্গীকে। পাঁচ বছর প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে বিয়ে করেন তাঁরা। তখন কারিনার বয়স ছিল ৩২ বছর আর সাইফের ৪২। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে এই জুটি 'রয়্যাল কাপল' হিসেবে পরিচিতি পান।

তাঁদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম ২০১৬ সালের ২০ ডিসেম্বর। দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান জন্ম নেয় ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি। সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খানও সাইফ-কারিনার পরিবারের অংশ। কারিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেই বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক ফ্রেমে সাইফ ও তাঁর তিন সন্তান—ইব্রাহিম, তৈমুর ও জেহ—কে দেখা গেছে।

সংবাদমাধ্যমে কারিনা ও সাইফকে একসঙ্গে 'সাইফিনা' নামে ডাকা হয়। বিয়ের পর এই জুটি মুম্বাইয়ের বান্দ্রার ফরচুন হাইটসে থাকতেন। পরে তাঁরা আরও বিলাসবহুল সৎগুরু শরণ নামের বাসভবনে স্থানান্তরিত হন। বিভিন্ন প্রতিবেদনে এই নতুন বাড়ির মূল্য ১০০ কোটি রুপির বেশি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডে অবকাশযাপনের জন্য আরেকটি বাড়ি রয়েছে এই জুটির। সেটি ৩৩ কোটি রুপি দিয়ে কেনা হয়েছিল বলে একাধিক ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে। সাইফ ও কারিনার সংগ্রহে মার্সিডিজ-বেঞ্জ, অডি কিউ৭, রেঞ্জ রোভার স্পোর্ট, ল্যান্ড রোভার ডিফেন্ডার ১১০ এবং জিপ র্যাংলারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।

সম্প্রতি সাইফ আলী খানের ৫৬তম জন্মদিনে কারিনা তাঁদের দুজনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। সেখানে তিনি মজার ছলে জানান, সাইফের ছবি প্রকাশের জন্য তাঁর থেকে অনুমোদন নিতে হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা সাইফ যে কারিনার পোস্ট করা ছবিগুলো খুব পছন্দ করেন, সেটিও জানিয়েছেন কারিনা।

কারিনার গয়নার সংগ্রহও বেশ আকর্ষণীয়। ২০১২ সালে বিয়ের সময় সাইফ তাঁকে ৫ ক্যারেটের একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছিলেন। এছাড়া উত্তরাধিকারসূত্রে শাশুড়ি শর্মিলা ঠাকুরের বেশ কিছু ঐতিহ্যবাহী গয়নাও পেয়েছেন তিনি। বিশ্বের নামীদামি ব্র্যান্ডের গয়না ও ব্যাগ তো আছেই।

কারিনার ক্যারিয়ারকে শুধু 'স্টার কিড' হিসেবে ব্যাখ্যা করা যায় না। দুই দশকের বেশি সময় ধরে নিজেকে প্রাসঙ্গিক রাখা, বাণিজ্যিক ও অফবিট—দুই ধরনের সিনেমায় কাজ করা, বিয়ের পর ক্যারিয়ার চালিয়ে যাওয়া এবং দুই সন্তানের মা হওয়ার পরও সক্রিয় থাকা—সব মিলিয়ে কারিনা নিজের ও পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে রয়েছেন।