দ্রুতগতির আধুনিক জীবনযাত্রায় মন ও মেজাজ সতেজ করতে এক কাপ কফি এখন অনেকেরই নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে গত ১০ বছরে শহুরে মানুষ এবং তরুণদের মধ্যে ইনস্ট্যান্ট কফির প্রতি আগ্রহ বহুগুণ বেড়েছে। পড়াশোনা কিংবা অফিসের কাজের চাপে খুব অল্প সময়ে প্রস্তুত করা যায় বলে এই পানীয়টি জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাহকদের এই পরিবর্তিত জীবনধারা ও চাহিদাকে লক্ষ্য করেই 'চুমুকেই মুডটা ওয়াও!' ট্যাগলাইন ব্যবহার করে কফি বাজারে যাত্রা শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পরিচিত ব্র্যান্ড 'ফ্রেশ কফি'।
দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের অভিজ্ঞতাসম্পন্ন এমজিআই ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নতুন পণ্যটি বাজারে ছাড়ে। সহজলভ্যতা, সাশ্রয়ী মূল্য এবং উন্নত মানের সমন্বয় ঘটিয়ে ফ্রেশ কফি তৈরি করা হয়েছে। এর মসৃণ স্বাদ এবং সুবিধাজনক স্যাশে প্যাকেজিংয়ের কারণে বাড়ি, অফিস কিংবা ভ্রমণের সময় খুব দ্রুত এটি তৈরি করে নেওয়া সম্ভব।
প্রাথমিকভাবে বাজারে 'ক্যাপুচিনো' এবং 'ফ্রেশ কফি ৩ ইন ১' ভেরিয়েন্ট দুটি নিয়ে আসা হয়। পরবর্তীতে প্রিমিক্স পানীয়র ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি বাজারে যুক্ত করে 'ফ্রেশ মিল্ক টি'। শুরুর পর থেকেই ভোক্তাদের কাছ থেকে এই পণ্যগুলো ইতিবাচক সাড়া পাচ্ছে। গ্রাহকদের বৈচিত্র্যময় পছন্দের কথা বিবেচনা করে ভবিষ্যতে আরও নতুন নতুন স্বাদের কফি বাজারে আনার পরিকল্পনা রয়েছে মেঘনা গ্রুপের।
ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে ফ্রেশ কফি কেবল বাজারের একটি নতুন নাম হয়ে থাকতে চায় না। আগামী পাঁচ বছরের মধ্যে শহর ও উপশহরের বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর পাশাপাশি একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তারা। মানসম্মত কফির অভিজ্ঞতা নিশ্চিত করে কফিপ্রেমীদের প্রথম পছন্দ বা 'গো-টু' ব্র্যান্ড হয়ে ওঠাই এখন প্রতিষ্ঠানটির মূল অগ্রাধিকার।




