নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই অভিমুখে যাত্রা করতে প্রস্তুত একটি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি দিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় হুমকির কথা লেখা একটি বার্তা দেখতে পাওয়া যায়। বিষয়টি জানামাত্রই পাইলট দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।

নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে বিমানবন্দরের নির্দিষ্ট ‘আইসোলেশন বে’-তে সরিয়ে নেওয়া হয়। এরপরই সিআইএসএফ এবং বিমানবন্দরের অন্যান্য নিরাপত্তাকর্মীরা পুরো বিমানটিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। উড়োজাহাজের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হলেও কোনো সন্দেহজনক সরঞ্জাম বা বিস্ফোরক জাতীয় বস্তু খুঁজে পাওয়া যায়নি।

বর্তমানে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কে ওই হুমকি বার্তাটি লিখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো। ঘটনার রহস্য উন্মোচনে বিমানবন্দর চত্বরের পাশাপাশি উড়োজাহাজের ভেতরের সিসিটিভি ফুটেজগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে, যাতে বার্তা প্রদানকারী ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।